ছয় ছাত্রীর চুল কেটে দিয়েছেন শিক্ষিকা
টাঙ্গাইলের মির্জাপুরে ভারতেশ্বরী হোমসে স্টাডি কক্ষে চুল বেঁধে না আসায় এক শিক্ষিকা ছয় ছাত্রীর চুল কেটে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে৷ গত মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে৷
গতকাল শনিবার স্থানীয় সাংবাদিকেরা জানতে চাইলে কর্তৃপক্ষ এ ঘটনার আংশিক সত্যতা স্বীকার করে বলে, অভিযুক্ত ওই শিক্ষিকাকে প্রাথমিকভাবে ভৎ৴সনা করা হয়েছে৷
ভুক্তভোগীদের অভিভাবক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল পাঁচটায় ষষ্ঠ শ্রেণির দুজন ও সপ্তম শ্রেণির চারজন ছাত্রী চুল না বেঁধে স্টাডি কক্ষে যায়৷ এতে ক্ষুব্ধ হয়ে শিিক্ষকা কাঁচি দিয়ে ওই ছয় ছাত্রীর চুল কেটে দেন৷ এ ছাড়া তিনি চড়-থাপ্পড় মারলে এক ছাত্রীর কান থেকে রক্ত বের হয় বলেও একজন অভিভাবক প্রথম আলোর কাছে অভিযোগ করেছেন৷
জামালপুর সদরের পশ্চিম নয়াপাড়া এলাকার বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ নাজমা পারুমী বলেন, তাঁর মেয়ে ভারতেশ্বরী হোমসে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। সে একা চুল বাঁধতে পারে না৷ তারও চুল কেটে দিয়েছেন ওই শিিক্ষকা৷ এ ঘটনায় তিনি বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থায় লিখিত অভিযোগ দিয়েছেন৷
ভারতেশ্বরী হোমসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রতিভা রানী হালদার বলেন, দু-এক দিনের মধ্যে ওই শিক্ষিকার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আকতার চৌধুরী বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে৷