ছয় জঙ্গি মারা গেছে, ধরা পড়েছে একজন

রাজধানীর গুলশানে রেস্তোরাঁয় অভিযানে ছয় জঙ্গি মারা গেছে এবং তাদের একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘চার লেনে উন্নীত ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ জাতীয় মহাসড়কের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ তথ্য দেন।
শেখ হাসিনা বলেন, ‘অপারেশন সফল হয়েছে, কমান্ডো অপারেশনে ১৩ জনকে বাঁচাতে পেরেছি। কয়জনকে বাঁচাতে পারিনি, তবে সন্ত্রাসীদের ছয়জনই মারা যায়, একজন ধরা পড়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘জঙ্গি দমন করতে গিয়ে আমাদের দুজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে তাঁদের পদক্ষেপের কারণে কোনো জঙ্গি পালিয়ে যেতে পারেনি। এর মধ্যে আমরা আমাদের সেনাবাহিনী, নৌবাহিনীসহ কমান্ডোদের নিয়ে আসা হয়েছে। র্যাব-বিজিবিও সেখানে প্রস্তুত ছিল। সন্ত্রাসীদের দমন করার জন্য রাত চারটায় কমান্ডোরা পরিকল্পনা করে সেখানে অপারেশন শুরু করেন।’
জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী: গুলশানে রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সন্ধ্যায় সংক্ষিপ্ত ভাষণ দেবেন বলে সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
প্রধানমন্ত্রীর দপ্তর সূত্র জানায়, প্রধানমন্ত্রী তাঁর ভাষণে রেস্তোরাঁয় হামলার সর্বশেষ অবস্থা জাতির কাছে তুলে ধরবেন। তাঁর বক্তব্যে জঙ্গিদের বিরুদ্ধে প্রতিরোধ করার ডাক থাকতে পারে।
জানতে চাইলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রথম আলোকে বলেন, ‘জাতির উদ্দেশ্যে আজ প্রধানমন্ত্রী ভাষণ দিতে পারেন। সন্ধ্যার দিকেই ভাষণ প্রচার হতে পারে।’