২০০৫ সালে গাজীপুর আইনজীবী সমিতি মিলনায়তনে বোমা হামলার ঘটনায় ১০ জঙ্গির মধ্যে ছয়জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বাকি চারজনের মধ্যে দুই জঙ্গির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড ও দুজনকে খালাস দিয়েছেন আদালত। সাজা পাওয়া জঙ্গিরা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। ওই হামলায় চারজন আইনজীবী ও চারজন বিচারপ্রার্থী নিহত হন।
বোমা হামলার ঘটনায় করা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), আপিল ও জেল আপিলের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। বিচারিক আদালতের রায়ে মামলার আসামি ১০ জনকেই ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল।
এ মামলায় আসামিদের পক্ষে আইনজীবী ছিলেন দেলোয়ার হোসেন, আফজাল এইচ খান ও মো. হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর ও সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান। রায়ের পর মনিরুজ্জামান কবীর প্রথম আলোকে বলেন, দুজনের সাজা কমানো ও দুজনকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
উচ্চ আদালতের রায়ে যে ছয় জঙ্গির ফাঁসি বহাল রাখা রয়েছে, তাঁরা হলেন এনায়েত উল্লাহ ওরফে ওয়ালিদ ওরফে জুয়েল, আরিফুর রহমান ওরফে আকাশ ওরফে হাসিব, সাইদুর মুন্সী ওরফে শহীদুল মুন্সী ওরফে ইমন ওরফে পলাশ, আবদুল্লাহ আল সোহাইল ওরফে জাহিদ ওরফে আকাশ, নিজাম উদ্দিন নিজাম ও তৈয়বুর রহমান।
মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে হাইকোর্ট যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মসিদুল ইসলাম মাসুদ ওরফে ভুট্টো এবং আদনান সামী ওরফে আম্মার ওরফে জাহাঙ্গীরকে। আর আপিলে খালাস পেয়েছেন মো. আশরাফুল ইসলাম ওরফে আরসাদ ওরফে আব্বাস খান ও মো. সফিউল্লাহ ওরফে তারেক ওরফে আবুল কালাম।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুর আইনজীবী সমিতির ২ নম্বর হলে শক্তিশালী দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ওই বোমা হামলায় আটজন মারা যান। তাঁরা হলেন আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, আইনজীবী নুরুল হুদা, আনোয়ারুল আজম ও গোলাম ফারুক এবং চারজন বিচারপ্রার্থী। একই সঙ্গে জেএমবি আত্মঘাতী সদস্য আজাদ ওরফে জিয়া ওরফে নাজির ওরফে নাহিদ ঘটনাস্থলে মারা যান। এর আগে ওই বছর ১৭ আগস্ট দেশজুড়ে প্রায় ৫০০ বোমার বিস্ফোরণ ঘটিয়ে জেএমবি তাদের অস্তিত্ব জানান দেয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেএমবির বিরুদ্ধে ব্যাপকভাবে অভিযান শুরু করে। একপর্যায়ে দেশের বিভিন্ন আদালত এলাকায় আত্মঘাতী হামলা শুরু করে জেএমবি।
গাজীপুর আইনজীবী সমিতিতে বোমা হামলার ঘটনায় জেএমবি নেতা শায়খ আবদুর রহমান, আতাউর রহমান সানি, খালেদ সাইফুল্লাহ এবং আত্মঘাতী হামলাকারী ও সহযোগীদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করে পুলিশ। ২০০৭ সালের ৪ জুলাই পুলিশ ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। তবে শায়খ আবদুর রহমান, আতাউর রহমান সানি ও খালেদ সাইফুল্লাহর অন্য মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় এবং হামলাকারী আজাদ ও মোল্লা ওমর ওরফে শাকিল মারা যাওয়ায় তাঁদের নাম মামলা থেকে বাদ দেওয়া হয়। বাকি ১০ জন জেএমবি সদস্য ২০০৫ ও ২০০৬ সালের বিভিন্ন সময়ে গ্রেপ্তার হন। তাঁরা বর্তমানে কারাগারে আছেন।
২০১১ সালের ২৪ এপ্রিল গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত বাকি ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই বছরের অক্টোবরে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ স্থানান্তর করা হয়। ২০১৩ সালের ২০ জুন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মো. মোতাহার হোসেন জেএমবির ১০ সদস্যকেই মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন।
বিচারিক আদালতের রায়ের পর আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য হাইকোর্টে আসে। একই সঙ্গে রায়ের বিরুদ্ধে চার আসামি আপিল ও সব আসামি জেল আপিল করেন। ১৩ জুলাই একসঙ্গে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। ২০ জুলাই শুনানি শেষে গতকাল রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছিল।