ছয় জল্লাদ ফাঁসি কার্যকর করলেন
কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করেছে জল্লাদ শাজাহান ভূঁইয়ার নেতৃত্বে ছয় সদস্যের একটি দল। ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, এই জল্লাদ দলের অন্য সদস্যরা হলেন হাফিজ, ফারুক, জনি, ইমন ও আনোয়ার। এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের দক্ষিণ প্রান্তে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত করেন কালু মিয়া, হাফিজ ও রাজু। তাঁরা ফাঁসির রশিও প্রস্তুত করেন। কেন্দ্রীয় কারাগারে আগে থেকেই ফাঁসির জন্য স্থায়ী মঞ্চ রয়েছে। কাদের মোল্লার ফাঁসির জন্য মঞ্চটি নতুনভাবে প্রস্তুত করা হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক ফরমান আলী বলেন, শাজাহান ভূঁইয়া জেএমবির নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইকে এবং বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামিকে ফাঁসির রশি গলায় পরান। কারা সূত্র জানায়, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরাই জল্লাদ হিসেবে দায়িত্ব পালন করেন। কাউকে ফাঁসি দিলে সেই জল্লাদ এক মাসের সাজা মওকুফ পান।