বৈশ্বিক উষ্ণায়ন রোধে সদ্য গঠিত ছয় জাতি জোটে যোগ দিতে বিশ্বের অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত জলবায়ুবিষয়ক এক আলোচনায় গত সোমবার বক্তব্যের সময় তিনি এ আহ্বান জানান।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ১৬ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ‘ক্লাইমেট অ্যান্ড ক্লিন এয়ার কোয়ালিশন টু রিডিউস শর্ট-লিভড ক্লাইমেট পলিউশন’ নামের ওই ছয় জাতি জোটের ঘোষণা দেন। এর সদস্য বাংলাদেশসহ ছয়টি দেশ। অপর পাঁচটি দেশ হচ্ছে: কানাডা, ঘানা, মেক্সিকো, সুইডেন ও যুক্তরাষ্ট্র। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ন্ত্রণ এবং এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করবে এই জোট। বিশ্বের ৮০টি দেশের পরিবেশমন্ত্রীসহ মোট প্রায় ১৪০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে নাইরোবিতে জলবায়ু আলোচনা চলছে। মূল অনুষ্ঠানের পাশাপাশি জলবায়ুবিষয়ক একটি অনুষ্ঠানে ইউএনইপির পক্ষে বক্তব্য দেন মন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আমাদের একটি সুষ্ঠু জলবায়ু কর্মকাঠামো গড়ে তোলা প্রয়োজন। বিশ্বব্যাপী আমাদের জলবায়ু কূটনীতিতে আরও আন্তরিক ও উদ্যোগী ভূমিকায় অবতীর্ণ না হলে এ বিশ্বকে রক্ষা করা মুশকিল হয়ে যাবে।’সদ্য গঠিত জোটের বিষয়ে মন্ত্রী বলেন, সব উদ্যোগের মূল কথা হচ্ছে, পৃথিবী নামের গ্রহটিকে উষ্ণতা বৃদ্ধির হাত থেকে রক্ষা করা। বিশ্বের অন্যান্য দেশের উপস্থিত প্রতিনিধি ও মন্ত্রীদের কাছে তিনি জোটের লক্ষ্য ও উদ্দেশ্য সবিস্তারে ব্যাখ্যা করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন সুইডেনের পরিবেশমন্ত্রী লিনা এ্যাক, ইউএনইপির প্রধান পরিবেশবিজ্ঞানী অধ্যাপক জোসেফ অ্যাকামো এবং যুক্তরাষ্ট্রের জলবায়ুবিষয়ক সহকারী মন্ত্রী কেরি জোনস। বিজ্ঞপ্তি।