ছয় জেএমবি সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের বাহাই সম্প্রদায়ের নেতা রুহুল আমিনকে (৪৪) গুলি করে হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীনের (জেএমবি) ছয় সদস্যকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তিদের পাঁচজনই জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার আসামি।

জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে গত ৩০ জুন অভিযোগপত্র দাখিল করা হলেও বিষয়টি গতকাল মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের জানান মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) হোসেন আলী।

অভিযুক্ত আসামিরা হলেন রংপুরের পীরগাছা উপজেলার টাঙ্গাইলপাড়া গ্রামের বাসিন্দা ও পীরগাছা এবং কাউনিয়া উপজেলা জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, একই এলাকার জেএমবি সদস্য ইসাহাক আলী, কুড়িগ্রামের রাজারহাটের সাদ্দাম হাসেন ওরফে রাহুল ও আহসানউল্লাহ আনসারি ওরফে বিপ্লব, পঞ্চগড়ের দেবীগঞ্জের নজরুল ইসলাম ওরফে বাইক নজরুল ওরফে হাসান এবং লালমনিরহাটের বানভাসা এলাকার মোসাব্বেরুল আলম খন্দকার ওরফে রিপন ওরফে প্রিন্স।

মোসাব্বেরুল ছাড়া বাকিরা সবাই কুনিও হোশি হত্যা মামলার আসামি। মাসুদ রানা ও ইসাহাক আলী গ্রেপ্তার রয়েছেন। বাকি চার আসামি পলাতক। গ্রেপ্তারকৃত দুজন কুনিও হোশি হত্যা মামলায় দেওয়া জবানবন্দিতে বাহাই সম্প্রদায়ের নেতা হত্যাচেষ্টার কথা স্বীকার করেন এবং অন্য আসামিদের নাম বলেন।

এসআই হোসেন আলী বলেন, বাহাই সম্প্রদায়ের রংপুর বিভাগীয় পরিচালক ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সহকারী (পিএস) রুহুল আমিনকে ঘটনার দিন গুলি করার সময় মোটরসাইকেলে ছিলেন মাসুদ রানা, ইসাহাক ও মোসাব্বেরুল। পরপর দুটি গুলি করেন মাসুদ রানা ও মোসাব্বেরুল। মামলার আসামিরা সবাই জেএমবি সদস্য।

গত ৮ নভেম্বর সকাল সাড়ে আটটার দিকে রংপুর শহরের কটকিপাড়ার বাড়ি থেকে বের হয়ে কর্মস্থল হাসপাতালে যাচ্ছিলেন রুহুল আমিন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি এসে তাঁকে গুলি করে পালিয়ে যায়। দুটি গুলি তাঁর গলা ভেদ করে। ঢাকায় বেশ কিছুদিন চিকিৎসার পর সুস্থ হয়ে উঠছেন রুহুল আমিন।

 এই নিয়ে রংপুরের চাঞ্চল্যকর তিনটি মামলায় অভিযোগপত্র দিল পুলিশ। প্রতিটি মামলায় অভিযুক্তরা হলেন জেএমবির সদস্য।