ছয় জেলা থেকে গ্রেপ্তার ১৪৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ ও যৌথ বাহিনীর ‘বিশেষ অভিযান’ সারা দেশে অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার পর্যন্ত ছয় জেলায় পরিচালিত অভিযানে ১৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ৮ জন বিএনপির ও ২১ জন জামায়াত-শিবিরের নেতা-কর্মী। এ ছাড়া বিভিন্ন মামলার আসামি আছেন ১১৫ জন। তাঁদের সবাইকে গতকাল কারাগারে পাঠানো হয়েছে।
সরকার বলছে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখার স্বার্থে সন্ত্রাসীদের গ্রেপ্তারে এই ‘বিশেষ অভিযান’ চালানো হচ্ছে। ঢাকার বাইরে থেকে প্রথম আলোর প্রতিনিধিরা বিস্তারিত জানিয়েছেন:
দিনাজপুর জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে পুলিশ ৩৬ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে চিরিরবন্দর থানা জামায়াতের রুকন আজিজুর রহমানকে নাশকতার মামলার পলাতক আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। বাকি ৩৫ জন বিভিন্ন মামলার আসামি।
মেহেরপুরে পুলিশ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের নয়জন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে। এঁদের মধ্যে সদর উপজেলা থেকে বিএনপির দুই কর্মী এবং মুজিবনগর থেকে জামায়াতের চার ও বিএনপির তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধায় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বিএনপির দুজন
ও জামায়াত-শিবিরের তিনজন। অবশিষ্ট ১৮ জন বিভিন্ন মামলার আসামি।
নড়াইলে বিভিন্ন মামলার অভিযোগে গ্রেপ্তার ৪২ জনের মধ্যে জামায়াত-শিবিরের দুজন ও বিএনপির একজন। গ্রেপ্তার হওয়া শিবির নেতার নাম রবিউল ইসলাম ও জামায়াত কর্মীর নাম বাকি বিল্লাহ। আর বিএনপির কর্মীর নাম এনামুল খান (৩০)।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের পাঁচজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনা করার সময় জামায়াত-শিবিরের ৬ কর্মীসহ ২৯ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এঁদের মধ্যে জামায়াত-শিবিরের ৬ জন ও নিয়মিত মামলার আসামি ২৩ জন।