ছয় জেলার শীতার্তরা পেলেন কম্বল ও চাদর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দিনাজপুর, যশোর, নওগাঁ, পটুয়াখালীর বাউফল ও বগুড়ার আদমদীঘি উপজেলায় দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে ৪৫০টি কম্বল বিতরণ করা হয়েছে। আর ভোলায় ১৫০ শিক্ষার্থীকে দেওয়া হয়েছে চাদর।
গতকাল রোববার সকালে দিনাজপুর সদরের রাজবাটি ও কাটাপাড়া এলাকার ৫০ জন বয়স্ক নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রথম আলো ট্রাস্ট এবং দিনাজপুর অরবিন্দ শিশু হাসপাতালের মুখ্য কনসালট্যান্ট নায়ীমা খানমের উদ্যোগে এসব কম্বল দেওয়া হয়। জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাবেক সভাপতি ছবিলাল সরকার, বন্ধুসভার সাধারণ সম্পাদক মো. আলীসহ সদস্যরা শীতাত মানুষের হাতে এসব কম্বল তুলে দেন।
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা বালিকা দাখিল মাদ্রাসার দরিদ্র ৫০ শিক্ষার্থী ও মাদ্রাসা এলাকার ৫০ জন দরিদ্র ব্যক্তি কম্বল পেয়েছেন গত রোববার। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ওই মাদ্রসার সুপার আবদুর রব, স্থানীয় ইউপি সদস্য আহসান হাবিব, সাংবাদিক জলিলুর রহমান ও মাসুম ছিদ্দিকী, সমাজসেবক আবদুর রব মৃধা, খবির তালুকদার ও আবদুর রহিম সওদাগর প্রমুখ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণে সহায়তা করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। এর আগে শুক্রবার উপজেলার কালাইয়া ইউনিয়ের বগী খালে বসবাসকারী মানতা সম্প্রদায়ের (ভাসমান জেলে) হতদরিদ্র ৭০ জন নারী জেলের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
যশোরে সদর উপজেলার কেসমত নওয়াপাড়া এলাকার শহীদ সরণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও শহরের মাইকপট্টি এলাকায় ১০০ জন শীতার্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে গত শুক্রবার ও শনিবার। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন, প্রথম আলো যশোর বন্ধুসভার উপদেষ্টা শুভঙ্কর গুপ্ত, শহীদ সরণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা বেগম, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন প্রমুখ।
বগুড়ার আদমদীঘি ও নওগাঁর কয়েকটি গ্রামে ২০০ শীতার্ত পরিবারের সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে গত শুক্রবার ও শনিবার। নওগাঁ সদর উপজেলার মঙ্গলপুর, খাগরকুরি, দোগাছি; রানীনগর উপজেলার সিম্বা, চকমনো, ঝালঘড়িয়া, করজগ্রাম এবং বগুড়ার আদমদীঘি উপজেলার দমদমা, মালশন গ্রাম ও সান্তাহার জংশন স্টেশনে এসব কম্বল লোকজনের হাতে তুলে দেওয়া হয়। কম্বল বিতরণ কার্যক্রমে সহয়তা করেন সান্তাহার বন্ধুসভার সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা গোলাম মোরশেদ, স্থানীয় বন্ধুসভার সভাপতি এস এম জুয়েল, সম্পাদক রুবেল হোসেন, উপদেষ্টা অধ্যাপক রবিউল ইসলাম ও প্রথম আলোর আদমদীঘি প্রতিনিধি খায়রুল ইসলাম।
এদিকে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মেঘনা পাড়ের ৫০ নম্বর কালীকৃর্তী নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ছাত্রছাত্রীদের ১৫০টি চাদর দেওয়া হয়েছে শনিবার। ভোলা বন্ধুসভার সদস্যরা এ চাদর বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির উদ্দিন, ভোলা বন্ধুসভার সভাপতি হেমায়েত উদ্দিন, প্রকাশনা সম্পাদক এম সাদ্দাম হোসাইন, দপ্তর সম্পাদক মো. মেহরান মোরশেদ, এমরান হোসাইন, হুমায়ুন কবীর, আতাউর রহমান প্রমুখ। [প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন দিনাজপুর, যশোর ও ভোলা অফিস এবং বাউফল (পটুয়াখালী) ও আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি]।