ছয় জেলায় আমানতের নামে টাকা নিয়ে জনবল নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেমাস বাংলা ওয়েলফেয়ার সোসাইটি নামের একটি প্রতিষ্ঠান শিক্ষা প্রকল্প বাস্তবায়নের নামে ছয় জেলায় জনবল নিয়োগের নামে আমানত সংগ্রহ করছে। গত দুই মাসে সংস্থাটি শুধু রাজশাহী জেলাতেই প্রায় এক কোটি টাকা আদায় করেছে। কোনো পরীক্ষা ছাড়াই শুধু আমানত নিয়ে প্রকল্প পরিচালক থেকে শুরু করে শিক্ষক পর্যন্ত নিয়োগ দেওয়া হচ্ছে। অভিযোগ পাওয়া গেছে, একই পদে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। নিয়োগপ্রাপ্তরা এখন এই আমানত খোয়া যাওয়ার আশঙ্কা করছেন। রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) দেওয়ান মো. আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, এ ধরনের কোনো প্রতিষ্ঠান কিংবা প্রকল্পের বিষয়ে তাঁরা অবগত নন। বিষয়টি জানতে পেরে তদন্ত করা হচ্ছে।সম্প্রতি স্থানীয় একটি সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, পাবনা ও কুষ্টিয়া এলাকার আগ্রহী পুরুষ ও মহিলাদের কাছ থেকে বিভিন্ন পদে দরখাস্ত আহ্বান করা হয়। ইতিমধ্যে শিক্ষা প্রকল্পের জন্য কর্মচারী নিয়োগ শুরু হয়েছে। তাদের হিসাব অনুযায়ী, একটি উপজেলায় ২০০ বিদ্যালয় খোলা হবে। প্রতিটি বিদ্যালয়ে একজন করে শিক্ষক, প্রতি উপজেলায় পাঁচজন তত্ত্বাবধায়ক, একজন সহকারী ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হবে। আমানতের নামে সহকারী ব্যবস্থাপকের কাছ থেকে ১৩ হাজার ২০০ টাকা, তত্ত্বাবধায়কের কাছ থেকে সাত হাজার ২০০ টাকা এবং শিক্ষকের কাছ থেকে চার হাজার ৮০০ টাকা করে নেওয়া হচ্ছে। বলা হয়েছে, তাঁরা তিন মাস পর এই আমানতের টাকা তুলে নিতে পারবেন। অথবা দুই বছর জমা রাখলে দ্বিগুণ আর পাঁচ বছর পরে নিলে প্রায় সাত গুণ হিসেবে মুনাফা পাবেন। শাখা ব্যবস্থাপক বেতন পাবেন সাড়ে আট হাজার, সহকারী ব্যবস্থাপক সাত হাজার, তত্ত্বাবধায়ক সাড়ে পাঁচ হাজার এবং শিক্ষক পাবেন এক হাজার ৮০০ টাকা।রাজশাহী নগরের বাটার মোড় এলাকায় এই প্রতিষ্ঠানের রাজশাহী বিভাগীয় কার্যালয়ে গত বৃহস্পতিবার গিয়ে দেখা যায়, ৩০ জন যুবক সেখানে ভিড় করেছেন। তাঁদের বেশির ভাগই টাকা জমা দিয়েছেন। বাঘা উপজেলায় সহকারী ব্যবস্থাপক পদে রাজশাহী বিভাগীয় কার্যালয় থেকে একজনকে এবং ঢাকা থেকে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। আরও এক যুবক একই পদে নিয়োগ পাওয়ার জন্য টাকা দিতে এসেছেন। প্রকাশিত বিজ্ঞপ্তিতে শাখা ব্যবস্থাপক পদ না থাকলেও এই পদে নিয়োগ দেওয়া হচ্ছে। তাদের কাছ থেকে ২৫ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। ওই কার্যালয়ে উপস্থিত রাজশাহীর বিভিন্ন উপজেলার কর্মকর্তা ও কর্মচারীরা জানান, তাঁরা যে টাকা দিয়েছেন তা সরাসরি প্রতিষ্ঠানের হিসাবে জমা নেওয়া হয়েছে। এই নিয়ে তাঁরা আতঙ্কের মধ্যে রয়েছেন। অধিকাংশ পদে নিয়োগ হয়ে গেছে।সংস্থাটির বিভাগীয় কার্যালয়ের জোনাল ম্যানেজার হারুন অর রশিদের শিক্ষাগত যোগ্যতাও এসএসসি। ২৫ হাজার টাকা দিয়ে এই পদে তিনি চাকরি নিয়েছেন। তিনি বলেন, তাঁদের ১২টি প্রকল্পের মধ্যে প্রথমে শিক্ষা প্রকল্পের কাজ শুরু হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতিপত্র তিনি দেখাতে পারেননি। প্রকল্পের দাতা সংস্থা সম্পর্কে তিনি বিস্তারিত জানাতে পারেননি। তিনি শুধু বলেন, তাঁদের জয়েন্ট স্টক কোম্পানির অনুমোদন আছে। কথা বলতে বলতে প্রকল্প পরিচালক ওমর ফারুক আসেন। তিনি ৩০ হাজার টাকা দিয়ে চাকরি নেওয়ার কথা স্বীকার করেন। তিনিও এসবের ব্যাখা দিতে পারেননি। অবশেষে তিনি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইয়াহিয়া নকিবের মুঠোফোনে এই প্রতিবেদককে ধরিয়ে দেন। শিক্ষা প্রকল্পের কোনো কর্মচারীর কাছ থেকে টাকা নেওয়ার কথা ইয়াহিয়া সরাসরি অস্বীকার করেন।