ছয় জেলায় কলেজছাত্রসহ নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই, গোপালগঞ্জের কাশিয়ানী, ফরিদপুরের নগরকান্দা, টাঙ্গাইল সদর, পঞ্চগড়ের আটোয়ারী ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ ৯ জন নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:মিরসরাই (চট্টগ্রাম): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাইয়ের হাদি ফকিরহাট বন্ধন কমিউনিটি সেন্টারের সামনে গতকাল সোমবার একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী শ্যামল বড়ুয়া (২৫) ও পলাশ সূত্রধর (২৭) নিহত হন। তাঁদের বাড়ি সীতাকুণ্ড পৌরসদরে।গোপালগঞ্জ: ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তিলছড়া এলাকায় গতকাল একটি বাসের চাপায় মজিবুর রহমান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি কাশিয়ানীর তারাইল গ্রামে। ফরিদপুর: নগরকান্দা-মুকসুদপুর সড়কের ঈশ্বরদী এলাকায় গতকাল একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেলের আরোহী ছাগলদির আব্দুর রব (৪০) নিহত হন। টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার ভাতকুড়া এলাকায় রোববার একটি ট্রাক ও একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোর চালক সদর উপজেলার নামদার কুমুল্লী গ্রামের কামরুল (২৪), টেম্পোর আরোহী করটিয়ার সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক (সম্মান) সমাজকল্যাণ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আমীর হামজা (২৫) এবং বাসাইল উপজেলার জুপিয়া গ্রামের পিয়ার আলী (৬০) ঘটনাস্থলেই নিহত হন। আমীর হামজা নিহত হওয়ার ঘটনায় সা’দত কলেজের শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল সড়কের করটিয়া বাইপাস এলাকা অবরোধ করে ২৫টি গাড়ি ভাঙচুর করেন। পঞ্চগড়: পঞ্চগড়-আটোয়ারী সড়কের মির্জাপুর এলাকায় গত রোববার একটি ট্রাক্টর একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী অবসরপ্রাপ্ত শিক্ষক মো. নূরুল ইসলাম (৬৫) নিহত হন। উল্লাপাড়া (সিরাজগঞ্জ): উপজেলার হাটিকুমরুল গোলচত্বরের কাছে রোববার একটি বাসের চাপায় অজ্ঞাতনামা এক যুবক (৩০) নিহত হয়েছেন।