ছয় জেলায় ছাত্রসহ নিহত ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালীগঞ্জ, ঠাকুরগাঁও, বান্দরবান, কক্সবাজারের চকরিয়া, দিনাজপুর এবং ঢাকার আশুলিয়া ও সাভারে দুই দিনে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ ১৭ জন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সাতক্ষীরা: শ্যামনগর-কালীগঞ্জ সড়কের কালীগঞ্জের কাওখালী এলাকায় গতকাল রোববার চাকা ফেটে গিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের কন্ডাক্টর কালীগঞ্জ উপজেলা সদরের বাজারগ্রামের সিরাজুল ইসলাম (৪০), মৌতলা গ্রামের বিষ্ণুপদ দে (৫৭), রায়পুর গ্রামের রেজাউল ইসলাম (৫২) ও শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের সখিনা খাতুন (৬০) নিহত হন। এ ঘটনায় বাসের আরও ৬৩ জন যাত্রী আহত হয়েছে। ঠাকুরগাঁও: শহরের সিল্ক কারখানার সামনে গতকাল রোববার দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক। নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হচ্ছেন হরিপুর উপজেলার আবদুল জলিল (৫৫)। বান্দরবান: বান্দরবানের রুমা বাজার-মুন্নুয়ামপাড়া সড়কের টেবিল পাহাড় এলাকায় গত শনিবার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে ট্রাকের যাত্রী আর্থাপাড়ার কার্বারি (পাড়াপ্রধান) লিয়ানথন বম (৬৫) ও লালথাংময় বম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হন। চকরিয়া (কক্সবাজার): চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার রাস্তার মাথা এলাকায় শনিবার মাইক্রোবাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তাঁরা হলেন উপজেলার রামপুর গ্রামের রুহুল কাদের (৪০) ও কফিল উদ্দিন (৩২)।দিনাজপুর: দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের পাঁচবাড়ীতে গতকাল একটি বাস একটি বাইসাইকেলকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাইসাইকেলের আরোহী সদর উপজেলার চকরামপুর গ্রামের বাবুল চন্দ্র রায়ের ছেলে স্থানীয় পাঁচবাড়ী কলেজের প্রথম বর্ষের ছাত্র হেমন্ত কুমার রায় (২০) এবং একই গ্রামের অমল চন্দ্র রায়ের ছেলে পাঁচবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র নয়ন (১৪)। মানিকগঞ্জ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়া থানার টঙ্গাবাড়ীতে গতকাল একটি বাসের চাপায় আশুলিয়ার জিরাবো এলাকার নূরুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম (৪৫) নিহত হন। একই দিন ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তি (৪৫) এবং সাভারে পদ্মা প্রিন্টার্সের সামনে অজ্ঞাতনামা (৪০) এক নারী গাড়ির চাপায় নিহত হন। শনিবার রাতে আমিনবাজার এলাকায় গাড়িচাপায় অজ্ঞাতনামা এক যুবক নিহত হন।