
গোপালগঞ্জ থেকে খুলনাগামী একটি মাইক্রোবাস গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা খায়। এতে মাইক্রোবাস ও ইজিবাইক দুমড়েমুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে পুলিশের সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) ছয়জন নিহত হন। গত বুধবার রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জের এই দুর্ঘটনাসহ ছয় জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন।
এ নিয়ে গত ১০৩ দিনে সড়ক দুর্ঘটনা কেড়ে নিল ৯০৮টি প্রাণ।
বিভিন্ন জেলা থেকে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর।
ঢাকা-খুলনা মহাসড়কের নিচুপাড়া এলাকায় গোপালগঞ্জ থেকে খুলনাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গোপালগঞ্জ সদর থানার এএসআই দেলোয়ার হোসেন (২৯), ইজিবাইকের চালক আজাদ (৩৫), যাত্রী জেসমিন (৩৫) ও জেসমিনের মেয়ে সুমাইয়ার (১৭) মৃত্যু হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাত এক নারী এবং ভর্তির পর মোজাহিদ মোল্লা (৩৫) নামের আরেকজন মারা যান।
এ ঘটনায় আহত চারজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।
গতকাল বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পাঠানপুল এলাকায় যাত্রীবাহী বাস, পিকআপ ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে শিশু, নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন চন্দনাইশের আল আমীন (৩৫), সাতকানিয়ার ফরিদ উদ্দিন (৪৫), নয়ন তারা (৯) ও হাজেরা বেগম (৬৫)। তাঁরা সবাই পিকআপের যাত্রী ছিলেন বলে জানায় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা বলেন, কক্সবাজারগামী একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করে একটি পিকআপ। এতে ১৫-২০ জন যাত্রী ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে বাস, পিকআপ ও কাভার্ড ভ্যান ছিটকে খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটে।
এদিকে মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানের সঙ্গে মালবাহী একটি ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জসিম ও মো. খায়ের যথাক্রমে ট্রাক ও পিকআপ ভ্যানের চালকের সহকারী ছিলেন। এ ঘটনায় ট্রাক ও পিকআপ ভ্যানের চালক আহত হয়েছেন।
এ ছাড়া গতকাল সকালে চট্টগ্রাম নগরের বন্দর সল্টগোলা এলাকায় রাইডার গাড়ি উল্টে হেলপারসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন। নিহত আমজাদ হোসেন (৪০) পোশাকশ্রমিক এবং রাকিব হোসেন (১৭) আক্রান্ত গাড়ির চালকের সহকারী।
গতকাল দুপুরে নাটোরে গুরুদাসপুর ভূমি সহকারী কর্মকর্তা মোফাজ্জল হোসেন টিপু (৩৫) মোটরসাইকেল করে বনপাড়া থেকে কাছিকাটা টোল প্লাজার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি মারা যান। এর আগে বুধবার রাতে বনপাড়া থেকে মোটরসাইকেলে করে নাজিরপুর নিজ বাড়িতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মারা যান নাজিরপুর ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী চঞ্চল হোসেন (২১)।
গতকাল সকাল ১০টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকায় মোটরসাইকেলের সঙ্গে ভটভটির (নছিমন) সংঘর্ষে নিহত হন স্বপন (২৩) নামের এক তরুণ। বুধবার দুপুরে যশোরের শার্শা উপজেলার বাইসা গ্রামের মাঠে জমি চাষ করার সময় ট্রাক্টর উল্টে আহত হয়েছিলেন কৃষক আরিজুল ইসলাম (৪৫)। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনি মারা যান।
ময়মনসিংহের নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী বলেন, বৃহস্পতিবার ফজরের আজানের সময় নান্দাইল বাসস্ট্যান্ডের কাছে অজ্ঞাত যানবাহনের চাপায় মারা যান এক পথচারী। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।