ছয় জেলায় ঝড়ে নিহত ৪
ভোলা, পটুয়াখালী, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, মাদারীপুর ও বরগুনার আমতলীতে ঝড় ও বজ্রপাতে চারজন নিহত ও ২৮ জন আহত হয়েছে। এ ছাড়া কাঁচা ও আধাপাকা প্রায় ৫০০ ঘর এবং প্রায় ৫০টি পানের বরজ বিধ্বস্ত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ভোলা: গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঝড়ে ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার অন্তত ৫০টি কাঁচা ও আধাপাকা ঘর বিধ্বস্ত হয়েছে। সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মোস্তফানগর (মৌটুপি) গ্রামের কৃষক মো. ফরিদ উদ্দিন (৫০) ও তাঁর ভাই মো. শাহে আলম (৪৫) মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রপাতে ফরিদ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় শাহে আলমকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া একই উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ঘুইংগারহাট এলাকার রাঢ়ীবাড়ির ছয়জন ঝড়ের সময় উঠানে বাদাম তুলতে গেলে বজ্রপাতে ঝলসে আহত হয়। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নে ঝড়ে ৪০টি ঘর বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে ১০টি এবং দক্ষিণ দীঘলদির পাঁচটি ঘর বিধ্বস্ত হয়েছে।পটুয়াখালী: গতকাল বৃহস্পতিবার ভোর পৌনে পাঁচটার দিকে দশমিনা উপজেলার বগুরা গ্রামে ঘরের চাপা পড়ে আলেয়া বেগম (৫৫) নিহত হয়েছেন। এ ছাড়া ওই গ্রামে ঘরের চাপায় ও টিনের চালের আঘাতে অন্তত ২০ জন আহত হয়। এদের মধ্যে ১০ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।বহরমপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহফুজ জানান, ঝড়ে এই ইউনিয়নে বহু গাছপালা ভেঙে গেছে ও উপড়ে পড়েছে। দেড় শতাধিক কাঁচা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে বাউফলের বগি এলাকার অনেক কাঁচা ঘর ও গাছপালার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।চুয়াডাঙ্গা: বুধবার দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার কুশোডাঙ্গা গ্রামের ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়। কয়েক সেকেন্ড স্থায়ী এই ঝড়ে অর্ধশতাধিক ঘর ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে ঘরের দেয়াল ভেঙে হাজেরা বিবি নামে এক বৃদ্ধা নিহত এবং আবদুস সাত্তার নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।আমতলী (বরগুনা): বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে ঝড়ে আমতলী পৌর শহরের লোচা ও বাসুকী গ্রামে দোকানসহ প্রায় ৪০টি ঘর বিধ্বস্ত হয়েছে।এ ছাড়া আমতলী একে স্কুল বাজার, ছুরিকাটা, চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা ও হলদিয়ায় আরও ২০-২২টি কাঁচা ও আধাপাকা ঘর বিধ্বস্ত হয়েছে। আমতলী উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে চার শতাধিক গাছপালা ও ৫০টি পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে।গোপালগঞ্জ: গত বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টির সময় কাশিয়ানী উপজেলার পদ্মবিলা বাজারে বিশালাকৃতির একটি বটগাছ (পাকড়) উপড়ে পড়ে। গাছের চাপায় বাজারের ছয়টি দোকানঘর দুমড়েমুচড়ে যায়। একটি মুদির দোকানের মালিক মো. ওহিদ শেখ (৩২) ঘুমন্ত অবস্থায় ওই গাছের চাপায় নিহত হন। তিনি উপজেলার চরপদ্মবিলা গ্রামের রুস্তম শেখের ছেলে। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং কয়েক হাজার গাছপালা উপড়ে গেছে।মাদারীপুর: গত বুধবার রাতে ঝড়ে মাদারীপুর সদর উপজেলার করদি, ব্রাহ্মন্দী, পাথুরিয়াপাড়, কুকরাইল, ঝাউদিসহ আটটি গ্রামের শতাধিক আধা পাকা ও কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। কয়েক হাজার গাছপালা ও উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।