ছয় জেলায় দুই চরমপন্থী ও ব্যবসায়ীসহ সাত খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় সাতটি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জোড়া খুনের ঘটনা ঘটেছে। তা ছাড়া সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নছিমনের চালক, কক্সবাজারের রামু উপজেলায় মুদি দোকানদার, নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এক তরুণী এবং নারায়ণগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তি খুন হয়েছেন। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:চুয়াডাঙ্গা: আলমডাঙ্গার উদয়পুর গ্রামের হরিতলা মাঠে গতকাল শুক্রবার সকালে কৃষকেরা কাজ করতে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় দুজনের লাশ দেখে পুলিশে খবর দেন। নিহত ব্যক্তিরা হলেন মজিবর ওরফে ইয়াকুব (৩৫) ও নাজমুল হক (৩২)। তাঁদের বাড়ি মেহেরপুরের গাংনীতে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ ফকির জানান, মজিবর গাংনী উপজেলার যুবদলের নেতা কাজল হত্যাসহ তিনটি মামলার আসামি এবং চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সক্রিয় সদস্য। প্রতিপক্ষের হাতে এ জোড়া খুনের ঘটনা ঘটতে পারে।ব্রাহ্মণবাড়িয়া: পারিবারিক সূত্রে জানা গেছে, নাসিরনগরের ধরমন্ডল গ্রামের নুরুল আলীর মেয়ে গুলবাহার বেগমের (১৮) সঙ্গে আগামী ১ এপ্রিল একই গ্রামের জিল্লু মিয়ার ছেলে বাহারের বিয়ের কথা ছিল। বৃহস্পতিবার রাতে গুলবাহার ও তাঁর ছোট ভাইকে বাড়িতে রেখে তাঁদের মা-বাবা একই গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াত দিতে যান। দাওয়াত শেষে বাড়ি ফিরে তাঁরা মেয়ের গলাকাটা লাশ দেখতে পান। গতকাল সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।এ ঘটনায় নিহতের বাবা নাসিরনগর থানায় হত্যা মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, ওই গ্রামের একটি পরিবারের পক্ষ থেকে গুলবাহারের বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। গুলবাহারের পরিবার তা প্রত্যাখ্যান করে অন্য জায়গায় বিয়ে ঠিক করে। এ ঘটনায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।সিরাজগঞ্জ: তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুল হক জানান, উপজেলার ভবানীপুরে মেলা চলছে। গত বৃহস্পতিবার রাতে আবদুল বারিক (৪০) নামের নছিমনের এক চালক যাত্রী নিয়ে উপজেলার ভবানীপুরে মেলায় আসছিলেন অথবা ফেরত যাচ্ছিলেন। এ সময় পথে দুষ্কৃতকারীরা তাঁকে শ্বাসরোধে হত্যা করে। নিহত ব্যক্তির বাড়ি জেলার রায়গঞ্জ উপজেলায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।রামু (কক্সবাজার): সূত্র মতে, রামুর উত্তর ফতেখাঁরকুল বণিকপাড়া এলাকার মুদি দোকানদার মোহাম্মদ রফিকুল্লাহ (২৮) বৃহস্পতিবার রাতেও বেচাকেনা শেষে দোকানে ঘুমিয়ে পড়েন। গতকাল সকালে দোকান থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। নোয়াখালী: সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের ছোট কেগনা গ্রামের নুরুল ইসলামের দুই ছেলে বেলাল (৪০) ও সোহাগের (৩২) মধ্যে পারিবারিক কলহ ছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাতে সোহাগ ধারালো অস্ত্র দিয়ে বেলালকে আঘাত করেন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনার পর সোহাগ পালিয়ে যান। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী থানায় একটি হত্যা মামলা করেছেন। নিহতের বোন নাছিমাকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।নারায়ণগঞ্জ: সদর উপজেলার ফতুল্লার খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কের পাশ থেকে পুলিশ গতকাল সকালে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, নিহত ব্যক্তির পরনে ছিল লুঙ্গি ও কালো প্রিন্টের শার্ট। তাঁর শরীরে জখমের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার রাতে কোনো এক সময় তাঁকে জবাই করা হয়ে থাকতে পারে।