ছয় জেলায় নিহত সাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাতজন। মঙ্গলবার থেকে গতকাল বুধবার রাত পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

এ নিয়ে গত ৮১ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার সংখ্যা দাঁড়াল ৭০৫। প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:

নোয়াখালীর হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজারে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে আমির হোসেন (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল দুপুরে হাতিয়ার ওছখালী-জাহাজমারা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা জানান, রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বাহাদুর শাহ পরিবহন নামের হিউম্যান হলারের ধাক্কায় গুরুতর আহত হন ফারুক হোসেন (৫৫) নামের এক ব্যক্তি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ফারুক কাজের সন্ধানে ঝালকাঠি থেকে গতকালই ঢাকায় এসেছিলেন। তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটির কান্দেবপুরে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গতকাল বেলা ১১টায় সড়ক দুর্ঘটনায় জাহিদ হোসেন (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার কুড়িআইল এলাকায় এ ঘটনা ঘটে। জাহিদ হোসেন উপজেলার ভোলাব ইউনিয়নের কুড়িআইল এলাকার এবায়দুল হোসেনের ছেলে।

নাটোরের সিংড়ার জামতলি এলাকায় মঙ্গলবার রাতে নাটোর-বগুড়া মহাসড়কে গরুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে গেলে দুই গরু ব্যবসায়ী নিহত হন। তাঁরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাট গ্রামের আবদুল মান্নান (৫০) এবং একই গ্রামের কালাম শেখের ছেলে টুকু মিয়া (৪০)।

নওগাঁর রানীনগরের বগারবাড়ী এলাকায় মঙ্গলবার সকালে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় রিনা আক্তার (৯) নামের একটি শিশু নিহত হয়। পরিবার জানায়, সে দাদির সঙ্গে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে বগারবাড়ি নামক স্থানে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি অটোরিকশা তাকে পেছন থেকে ধাক্কা দিলে সে রাস্তার পাশে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় সে মারা যায়। রিনা আক্তার উপজেলার মধ্যরাজাপুর গ্রামের এমরান হোসেনের মেয়ে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় দ্রুতগামী ট্রাক ও রাস্তায় দাঁড়ানো পুলিশের পিকআপের সংঘর্ষে তাহের মিয়া (৩০) নামের এক ট্রাক্টরচালক নিহত হন। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদরের মজলিশপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।

এদিকে, মঙ্গলবার রাতে টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন টাঙ্গাইলের গোপালপুরের মাকুল্লা গ্রামের আছমা (৩০), সাজানপুর গ্রামের চন্দন (৩২), আজগড়া গ্রামের আরিফ (২২), ধনবাড়ি উপজেলার দিঘপাইতের রহিম (৫০), জামালপুর সদরের মনিরুজ্জামান সবুজ (৩৫), সরিষাবাড়ীর মোতাহের হোসেন (২৭) ও ঢাকার নাখালপাড়ার শান্তা (২৫)।

ঢাকা থেকে ধনবাড়িগামী বাস মঙ্গলবার রাতে ঘাটাইল উপজেলার গুণগ্রাম এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি মহাসড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই সাত যাত্রী নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হন।