ছয় জেলায় গত দুইদিনে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:মিরসরাই (চট্টগ্রাম): মিরসরাইয়ের জামালের দোকান এলাকায় গতকাল শনিবার একটি মালবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের আরোহী শাহাদাত হোসেন (২৭) নিহত হন। ভোর পাঁচটায় ফেনী-রামগড় সড়কে উপজেলার শাহমনিরখিলের একটি ট্রাকের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী মোহাম্মদ ইব্রাহীম (২০), রিপন ত্রিপুরা (২০) ও খোকন ত্রিপুরা (২০) নিহত হন। কুষ্টিয়া: কুষ্টিয়া-পান্টি সড়কের চর গোপালপুরে গতকাল একটি বাস ও একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী আবুল বাশার (৩০) নিহত হন। মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলার সানেরপাড়ে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী দুলাল খালাসী (৩৫) ও তপন দে (৬০) মারা যান।গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর শ্যামসুন্দরপুর কাঁঠালতলায় শুক্রবার নিয়ন্ত্রণ হারিয়ে একটি নসিমন উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে নসিমনের যাত্রী নূরজাহান বেগম (৪৫) নিহত হন। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলার ভোলাচংয়ে শুক্রবার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে আম্বিয়া খাতুন (৬০) ও মোকাদ্দেস মিয়া (৩০) নিহত হন। সাতক্ষীরা: দেবহাটা উপজেলার গাজীরহাট এলাকায় শুক্রবার একটি বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আবদুল জলিল পাঁড় (৪৫) ও আবদুল হামিদ (৬০) মারা যান।