ছয় জেলায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় জেলায় গত মঙ্গলবার সন্ধ্যা থেকে গতকাল বুধবার বিকেল পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকানে ঢুকে গেলে ১২ যাত্রী আহত হয়েছেন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন দোকানটির লোকজন। এ নিয়ে গত ১৩ দিনে বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল অন্তত ১৪৩ জন।
প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবর:
চট্টগ্রামের মিরসরাইয়ের নিজামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল দুপুরে অটোরিকশা ও বাসের সংঘর্ষে অটোরিকশার চালক ও এর আরোহী নিহত হয়েছেন। নিহত দুজন হলেন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মো. ইলিয়াছ (৪০) ও জাহাঙ্গীর আলম (৪৫)। অটোরিকশাটি পাশ থেকে দ্রুতগতিতে মহাসড়কে ওঠার সময় বাসটি একে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশার দুজন নিহত হন। পুলিশ বাসটি জব্দ করেছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের বাইলেনে গতকাল সকালে দুই অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে তাড়াশের বাসিন্দা বৃদ্ধা মোছা. ছুরাতুন্নেছা (৬০) মারা যান। দুর্ঘটনায় আরও তিন যাত্রী আহত হন।
বরিশালের উজিরপুরে সোনার বাংলা নামের জায়গায় গতকাল দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের চাপায় নেহারুন বেগম (৪৬) নামের এক স্থানীয় গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত নারীর স্বজন ও স্থানীয় লোকজন আধঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।
ময়মনসিংহের নান্দাইল-দেওয়ানগঞ্জ সড়কে গতকাল সকালে অটোরিকশার ধাক্কায় মো. আবু বক্কর সিদ্দিক (৬৫) নামের একজন বৃদ্ধ নিহত হয়েছেন। জাহাঙ্গীরপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের বাসিন্দা আবু বক্কর হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি অটোরিকশা ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ অটোরিকশাটি জব্দ করছে। তবে চালক পালিয়েছেন।
জামালপুর সদর উপজেলার জামালপুর-ময়মনসিংহ সড়কের ছোনকান্দা এলাকায় গতকাল বিকেলে অটোরিকশা ও ভটভটির সংঘর্ষে মো. লেবু মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও পাঁচ যাত্রী আহত হন। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তির পর লেবু মিয়া মারা যান।
টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল সকালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে দোকানের ভেতর ঢুকে যায়। এ ঘটনায় ১২ যাত্রী আহত হয়েছেন। আহত যাত্রীদের ছয়জনকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক পলাতক।