চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলার বাঁশবাড়িয়ায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে পথচারী নারীসহ তিনজন নিহত হয়েছেন। এই তিনজনসহ ছয় জেলায় দুর্ঘটনায় মোট আটজন নিহত হয়েছেন। গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এ নিয়ে ৯৮ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৮৪৮।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় চম্পা রোলিং মিলসের সামনে গতকাল সকালে মাইক্রোবাস পুকুরে পড়ে নিহত হন চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার পূর্ব ষোলশহর গ্রামের মো. নাছের, হাটহাজারী থানার বালুছড়া গ্রামের মো. সোলেমান এবং বাঁশবাড়িয়া এলাকার মনিকা রানী দাস। নাটোরের নলডাঙ্গায় শুক্রবার রাতে মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় আলম হোসেন নামের এক যুবক শনিবার ভোরে মারা গেছেন।
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার মহিম স্কুলের সামনে গতকাল সকালে বাসচাপায় তপন মণ্ডল নামের এক ইজিবাইকের চালকের মৃত্যু হয়েছে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় মো. আশরাফ আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
কক্সবাজারের চকরিয়ার দরবেশকাটা এলাকায় গতকাল সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। তার নাম মোহাম্মদ শাহেদ। টাঙ্গাইল উপজেলা সদরের দক্ষিণ নাগরপুর এলাকায় গতকাল বিকেলে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। তাঁর নাম সুফিয়া বেগম।