গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এ ছাড়া একই উপজেলায় অপর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহীর। বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনজন। আরও তিন জেলায় সড়কে প্রাণ গেছে তিনজনের। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় গত সোমবার সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
এ নিয়ে গত ১৪৫ দিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ হাজার ৩১২ জনের।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় করে কোনাবাড়ি এলাকায় মাদ্রাসায় যাচ্ছিল শিক্ষার্থী মো. নোমান (১২)। গতকাল দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক বাসস্টেশন এলাকায় গাজীপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় রিকশাটির। এতে অটোরিকশাটি মহাসড়কের ওপর উল্টে যায়। এ সময় অপরদিক থেকে আসা টাঙ্গাইলগামী মালবাহী একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নোমান মারা যায়। সে উপজেলার রাখালিয়াচালা এলাকার মো. আবু বকর সিদ্দিকের ছেলে।
এদিকে কালিয়াকৈর উপজেলার সাহেববাজার এলাকায় বিকেলে একটি ট্রাকের চাপায় রাসেল হোসেন (২২) নামের এক তরুণ নিহত হন। তাঁর ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর জামতলা এলাকায় গতকাল ট্রাকচাপায় অন্তরা খাতুন (১০) নামের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার বাগড়া কলোনি গ্রামের বেলাল হোসেনের মেয়ে। ঢাকা-রংপুর মহাসড়কে শাজাহানপুর উপজেলার বেতগালি লিচুতলা এলাকায় সন্ধ্যায় যাত্রীবাহী বাসচাপায় সোহাগ হোসেন (২৫) নামের এক সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পেশায় রাজমিস্ত্রি সোহাগের বাড়ি উপজেলার কচুয়াদহ মধ্যপাড়া গ্রামে। এ ছাড়া শিবগঞ্জ উপজেলায় বগুড়া-রংপুর মহাসড়কের মুরাদপুর এলাকায় শুক্রবার রাতে ট্রাকচাপায় জামাল উদ্দিন মোল্লা (৫৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি উপজেলার গরীবপুর নয়াপাড়া গ্রামের জিন্নাতুল মোল্লার ছেলে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকায় গতকাল সকালে মোটরসাইকেলের ধাক্কায় আরিফুর রহমান (৩৬) নামের এক স্টিল মিলস কারখানার কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি চাঁদপুর জেলার কদমতলী এলাকার জনব আলীর ছেলে।
সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের ইলাশপুরে গতকাল বিকেলে মাইক্রো বাসের চাপায় শফিরুন বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি মৌলভীবাজারের কুশালপুর গ্রামের বাসিন্দা।
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় গতকাল দুপুরে মানিকগঞ্জগামী একটি বাস একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের পাশে থাকা এক ব্যক্তি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার পর বাসটি দ্রুত পালানোর সময় আহত হন আরও আটজন। তাঁদের মানিকগঞ্জ ২৫০ শয্যার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত সোমবার রাতে মোটরসাইকেলের চাপায় গুরুতর আহত হয়েছিলেন পৌর সদরের মোসলেমগঞ্জ বাজারের নৈশপ্রহরী আবুল খায়ের (৫০)। গত শুক্রবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। নিহত আবুল খায়ের কসবা পৌর এলাকার কাঞ্চনমুড়ি গ্রামের বাসিন্দা ছিলেন।