ছয় জেলায় বজ্রপাতে নয়জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা শহরে গত শনিবার দিবাগত রাত থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টিপাতের সঙ্গে ব্যাপক বজ্রপাত হয়েছে। বৃষ্টিপাতের কারণে শহরে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। কয়েকটি সড়কসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। প্রায় ১০ ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিলেন নগরবাসী।
বজ্রপাতে খুলনা জেলার তিন উপজেলায় চারজন মারা গেছেন। এ ছাড়া সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, ঝিনাইদহ ও পিরোজপুরে বজ্রপাতে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
খুলনা: আবহাওয়া অধিদপ্তরের খুলনা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল আজাদ বলেন, শনিবার রাত দেড়টা থেকে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত হতে থাকে। চলে সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ওই সময়ের মধ্যে ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়। যে মাত্রায় বজ্রপাত হয়েছে, তা নজিরবিহীন। ২০১৪ সালে একবার জেলায় এ ধরনের বজ্রপাতের ঘটনা ঘটে। তবে তার স্থায়িত্ব ছিল তিন ঘণ্টার মতো। তিনি বলেন, এবারের বজ্রপাত দিনে হলে ব্যাপক প্রাণহানি ঘটতে পারত।
জেলার তিন উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)। বজ্রপাতে জেলার বিভিন্ন উপজেলায় কয়েক শ গাছ পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামে সকাল সাড়ে সাতটার দিকে বাড়ির বারান্দায় বসে থাকার সময় বজ্রপাতে মুরাদ গাজী (৩২) ও তাঁর মেয়ে মুসলিমা আক্তার (৫) মারা যান। মুসলিমার মা আহত হন। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোরে পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের খুড়িয়া গ্রামে মান্নান গাজী (৪৫) বজ্রপাতে নিহত হন। একই উপজেলায় আরও পাঁচজন বজ্রপাতে আহত হয়েছেন।
এ ছাড়া ভোরে বটিয়াঘাটা উপজেলার দারোগার ভিটা এলাকায় বজ্রপাতে আম্বিয়া বেগম (৪৫) মারা যান। এ সময় তিনি নিজের ঘরে ছিলেন।
পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) সূত্রে জানা গেছে, রাত একটার পর বজ্রপাত শুরু হলে বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ করে দেওয়া হয়। সকাল ১০টা নাগাদ নগরের বেশির ভাগ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
সরেজমিনে দেখা গেছে, খুলনা খালিশপুরের বাস্তুহারা, মুজগুন্নী আবাসিক এলাকার ভেতর প্রায় হাঁটু সমান পানি। সাতরাস্তা, রয়েল মোড়, শান্তিধাম মোড়, বেণীবাবু রোড, জোড়াগেট, নিরালা, পূর্ব বানিয়াখামার, লবণচরা, রায়পাড়া, টুটপাড়া, খালিশপুরের খুলনা পলিটেকনিক কলেজ এলাকা পানিতে তলিয়ে গেছে। কোনো কোনো বাড়িতে ঘরের ভেতরে পানি ঢুকে পড়েছে।
খুলনা সিটি করপোরেশনের সহকারী কনজারভেন্সি কর্মকর্তা তাছাদ্দেক হোসেন বলেন, মাত্রাতিরিক্ত বর্ষণের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন কাজ করছে।
সাতক্ষীরা: প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামের তারাপদ রাজবংশীর মেয়ে মালতী রাজবংশী (৪৫) গতকাল সকালে বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। মালতী উপজেলার একটি বেসরকারি সংস্থার কর্মী ছিলেন।
বাগেরহাট: কচুয়া থানার ওসি কাজী সাহিদুজ্জামান জানান, উপজেলা সদরের কচুয়া গ্রামের রশিদ শেখের মেয়ে মনোয়ারা বেগম (৩৫) গতকাল ভোরে বজ্রপাতে মারা যান।
নড়াইল: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে কালিয়া উপজেলার বাহিরডাংগা গ্রামে নবগংগা নদীর তীরে বজ্রপাতে অতুল কুমার রায় (৫৫) নামের এক রাখাল মারা যান।
ঝিনাইদহ: স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামে গতকাল ভোরে ঝড় উঠলে জামেলা বেগম (৬০) ঘর থেকে বের হয়ে বাইরে থাকা কাপড় ওঠাতে যান। এ সময় বজ্রপাতে তিনি মারা যান।
পিরোজপুর: স্থানীয় সূত্র জানায়, নাজিরপুর উপজেলার কলারদোনিয়া গ্রামে মাদ্রাসাছাত্রী সাফিয়া খানম (১৬) শনিবার দিবাগত রাত তিনটার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে বৃষ্টির পানি সংগ্রহ করছিল। এ সময় বজ্রপাতে সে মারা যায়। আহত হয় তার মা মেরিনা বেগম ও ভাই কামরুল ইসলাম।