ছয় জেলায় বিজিবি মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে বিজিবির টহল। ছবিটি রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
রংপুরে বিজিবির টহল। ছবিটি রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় খুলনা, রংপুর, নোয়াখালী, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ ও কুষ্টিয়ায় আজ শুক্রবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
খুলনা: মেট্রোপলিটন পুলিশের উপসহকারী পুলিশ কমিশনার রাশিদা বেগম বলেন, আজ সকাল থেকে বিজিবি টহলে নেমেছে। পুলিশের পাশাপাশি বিজিবি কাজ করছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নগরে সভা, সমাবেশ ও মিছিল করা যাবে না। পাশাপাশি কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য, লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্রও বহন করা যাবে না। নগরের বিভিন্ন পয়েন্টে পুলিশ তল্লাশি চৌকি বসিয়েছে। র্যাবের টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
রংপুর: জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ জানান, আজ সকাল আটটা থেকে বিজিবির তিন প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ বেলা দুইটায় রংপুর প্রেসক্লাবের সামনে জেলা জাসদের বিক্ষোভ সমাবেশ হবে। গতকাল বৃহস্পতিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে জাসদ-সমর্থিত জাতীয় যুবজোটের সমাবেশের পাশে দুর্বৃত্তদের তিনটি ককটেল ফাটানোর প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশ হবে বলে জেলা জাসদের সাধারণ সম্পাদক সাখাওয়াত রাংগা জানিয়েছেন। এই প্রতিবাদ সমাবেশ সফল করতে আজ সকাল থেকে প্রেসক্লাবের সামনে জাসদের কর্মীরা জড়ো হতে শুরু করেছেন।

বেলা তিনটায় প্রেসক্লাব থেকে ৩০০ গজ দূরত্বে শহরের পায়রা চত্বরে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের সমাবেশ ঘোষণা করা হয়েছে। সেখানেও লোকসমাগমের শোডাউন করা হবে বলে জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন জানিয়েছেন।

পায়রা চত্বর থেকে ৩০০ গজ দূরত্বে শহরের বেতপট্টির জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বেলা আড়াইটায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের এক কর্মী সমাবেশ হবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম জানান, ১৮-দলীয় জোটের পক্ষ থেকে কোনো সহিংস ঘটনার আশঙ্কায় তাঁদের এই অবস্থান।

পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে।

নোয়াখালী: জেলা পুলিশ সুপার আনিসুর রহমান জানান, আজ সকাল সাড়ে আটটা থেকে বিজিবির সদস্যরা জেলা শহর ও জেলার প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীতে টহল দিতে শুরু করেছে। আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব সদস্যরা টহল দিচ্ছেন। জেলা শহর ও  সব কয়টি উপজেলায় ইতিমধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিকেলে জেলা শহর, চৌমুহনী ও অন্যান্য উপজেলায় ১৮-দলীয় জোট ও ক্ষমতাসীন আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উদ্বেগ-উত্কণ্ঠা বিরাজ করছে। তবে সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি বিকেল পর্যন্ত অব্যাহত থাকলে দুই দলের কর্মসূচিতে প্রভাব পড়তে পারে বলে অনেকে ধারণা করছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনর রশিদ আজাদ জানান, বেলা তিনটা থেকে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে শহরের হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয় মাঠে জড়ো হবেন। বিকেল চারটার দিকে সেখান থেকে মিছিল নিয়ে তাঁরা শহর প্রদক্ষিণ করে নতুন বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশ করবেন।

শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু জানান, জেলা আওয়ামী লীগ বেলা আড়াইটার দিকে শহরের আবদুল মালেক উকিল সড়কের দলীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মী ও সমর্থকেরা সমবেত হবেন। সেখান থেকে বেলা তিনটার দিকে শহরে মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে।

 চুয়াডাঙ্গা: জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন জানান, সকাল সাড়ে ১০টা থেকে শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে সহযোগিতা করতেই বিজিবি মোতায়েন করা হয়।

এর আগে সকাল নয়টায় চুয়াডাঙ্গার জাফরপুরে বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে তিন প্লাটুন বিজিবি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এনে রাখা হয়।

 সিরাজগঞ্জ: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিরাজগঞ্জে তিন  প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া স্বাধীনতা স্কয়ার এলাকায় সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 কুষ্টিয়া: কুষ্টিয়া ৩২ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল কাজী আরমান হোসেন জানান, আড়াইটার দিকে বিজিবির তিন প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।