ছয় জেলায় বৃদ্ধাসহ নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুই দিনে বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বগুড়ার দুপচাঁচিয়ায় সিএনজিচালিত বেবিট্যাক্সি উল্টে একজন এসএসসি পরীক্ষার্থীর মা নিহত ও পরীক্ষার্থী আহত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুষ্টিয়া: মঙ্গলবার রাত আড়াইটার দিকে আটরশি ওরস থেকে ফেরার সময় যাত্রীবাহী একটি বাস কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের লালন শাহ সেতুসংলগ্ন ষোলদাগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তাঁরা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাশেম বাজারের আজিজুল ইসলাম (৪৫), সাতিনিপাড়ার আবুল কাশেম (৬৫) ও আবুল হক মণ্ডল (৬০)।ফরিদপুর: গতকাল বুধবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পূর্ব সদরদী বাসস্ট্যান্ডের কাছে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৮ জন আহত হয়। পরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মনির (৩৫) নামের একজনের মৃত্যু হয়। তাঁর বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নে। চৌদ্দগ্রাম (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের বালুজুড়ি নামক স্থানে মঙ্গলবার রাত আটটায় চৌদ্দগ্রামমুখী একটি যাত্রীবাহী সিএনজি বেবিট্যাক্সি মহাসড়কের বালুজুড়ি ব্রিজের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্যাক্সিটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই সিএনজি যাত্রী উপজেলা সদরের ঈশানচন্দ্রনগর গ্রামের মনির ও নোয়াপাড়া গ্রামের বাহের (৩৪) মারা যান। আহত হয় দুজন।দুপচাঁচিয়া (বগুড়া): প্রতিদিন রিকশাভ্যান করে মাহমুদা বেগম মেয়েকে নিয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসতেন। পরীক্ষা শেষে আবার মেয়েকে নিয়ে বাড়ি ফিরতেন। মঙ্গলবার সকালে রিকশাভ্যানে দুপচাঁচিয়া পরীক্ষা কেন্দ্রে আসার পথে রিকশাভ্যান উল্টে মা নিহত হয়েছেন। পরীক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিত্সা নিয়েছে। নিহত মা উপজেলার মোস্তফাপুর গ্রামের শাহীন আলমের স্ত্রী।হাকিমপুর (দিনাজপুর): দিনাজপুরের বিরামপুর-ঘোড়াঘাট মহাসড়কের বিজুল বাজারে মঙ্গলবার দুপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মনছের আলী (৫৫) এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে। মির্জাপুর (টাঙ্গাইল): ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার দেওহাটা নামক স্থানে গতকাল দুপুরে যাত্রীবাহী একটি বাসের চাপায় উপজেলার দেওহাটা গ্রামের মৃত কাশেম মিয়ার স্ত্রী জয়গন নেছা (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী টায়ার ও খড়ে আগুন লাগিয়ে মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে ও বেশ কয়েকটি যানবাহনের গ্লাস ভাঙচুর করে।