ছয় জেলায় শিশুসহ নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলে যেতে পথে নেমে কিশোর আবু রায়হান ফিরেছে লাশ হয়ে। সাড়ে চার বছর বয়সী আরেক শিশুর জীবনদীপ নিভেছে অটোরিকশার ধাক্কায়। মাইক্রোবাস উল্টে নিহত হয়েছেন এক তরুণ। এই তিনজনসহ গতকাল বৃহস্পতিবার ছয় জেলায় দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৬। এ নিয়ে গত ৪৯ দিনে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৪৪২ জন। প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অটোরিকশায় চড়ে আলীগঞ্জ পিটিআই মোড় থেকে স্কুলে যাচ্ছিল আবু রায়হান (১৪)। তখন একটি পিকআপভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আবু রায়হান, তার সহপাঠী আল আমিন (১৫) ও অটোচালক মো. শাহ আলম (২৩) আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা নেওয়ার পথে মারা যায় হাজীগঞ্জ পৌরসভার কংগাইশ গ্রামের ইসমাইল মিয়ার ছেলে রায়হান।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সিএনজি অটোরিকশার ধাক্কায় তামিম হোসেন নামের সাড়ে চার বয়সী একটি শিশু নিহত হয়েছে। গতকাল বেলা তিনটার দিকে উপজেলার ফরদাবাদ-বাঞ্ছারামপুর সড়কের ফরদাবাদ দক্ষিণ পাড়া কবরস্থান-সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
বগুড়ার কাহালুর জামগ্রামে ভটভটির চাপায় আহত হয়ে মিজানুর রহমান (২৬) নামের এক যুবক মারা গেছেন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ময়মনসিংহের নান্দাইলেও ভটভটিচাপায় আবদুল মজিদ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও গ্রামে।
চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা এলাকায় সকালে পিকনিকের মাইক্রোবাস উল্টে আজিজুল হক (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেপুর নামক স্থানে বুধবার রাতে একটি প্রাইভেট কার ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে।