কুষ্টিয়ায় গতকাল শনিবার সকালে নছিমনের ধাক্কায় তিন বছরের এক শিশু নিহত হয়েছে। একই দিনে আরও চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন। আর শুক্রবার রাতে যশোরে ইজিবাইকের ধাক্কায় প্রাণ হারান এক প্রতিবন্ধী নারী।
গত ১৯৩ দিনে এ নিয়ে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১ হাজার ৮৩১ জনের প্রাণ গেল। সংশ্লিষ্ট জেলা থেকে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত:
কুষ্টিয়ার দৌলতপুরে নছিমনের ধাক্কায় নিহত শিশুর নাম আরিয়ান। গতকাল সকাল সাতটার দিকে দৌলতপুর-থানামোড় সড়কের তারাগুনিয়া মণ্ডলপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, গরুবোঝাই নছিমনটি মিরপুর উপজেলায় যাচ্ছিল। পথে দৌলতপুর-থানামোড় সড়কের তারাগুনিয়া মণ্ডলপাড়া এলাকায় শিশু আরিয়ানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় নাগোরঘোপ এলাকায় যশোর-চুকনগর সড়কে ইজিবাইকের ধাক্কায় এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। ছায়েরা খাতুন (৫৮) নামের ওই নারী মনিরামপুর উপজেলার হাসাডাঙ্গা গ্রামের বাসিন্দা। ছায়েরার বোন খাদিজা বেগম বলেন, শুক্রবার রাত আটটার দিকে রাস্তা পার হওয়ার সময় কেশবপুরগামী একটি ইজিবাইক ছায়েরাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গতকাল সকাল সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদে চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে গেলে এর আরোহী মাহফজুর রহমান (২৪) ঘটনাস্থলেই মারা যান। আহত হন সাত যাত্রী। দুর্ঘটনার পরপর হাইওয়ে পুলিশ মাইক্রোবাসটি উত্তোলনের সময় মহাসড়কের তিন কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
নেত্রকোনার কলমাকান্দায় বাসচাপায় মোটরসাইকেলের চালক ও এক আরোহী নিহত হয়েছেন। গতকাল বেলা তিনটার দিকে কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কে গোমাই বেইলি সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মোটরসাইকেলের চালক কলমাকান্দার পাবই গ্রামের আওলাদ হোসেন (৩০) ও আরোহী একই উপজেলার মুন্সিপুর মহাদেও গ্রামের সাইফুল ইসলাম (৩৮)।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ট্রলির ধাক্কায় শাহ আলম (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার নবাবপুর গ্রামে। গতকাল দুপুরে উপজেলার পুটিয়া নামক স্থানে কাঠভর্তি একটি ট্রলি পেছন দিক থেকে শাহ আলমকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ছাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার নাইমুরী এলাকায় একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলচালক রবিন মিয়া (২০) নিহত হন। গতকাল বিকেল পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। রবিন সলঙ্গা থানার বওতলা গ্রামের বাসিন্দা।