ছয় জেলায় শিশুসহ সাতজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় গতকাল রবি ও শনিবার রাতে ছয়টি জেলায় শিশুসহ সাতজন নিহত হয়েছেন। এ নিয়ে গত ৫২ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪৬৩। প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:
গাজীপুরে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। গতকাল রোববার সকালে টঙ্গী এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক কিশোর (১৫) নিহত হয়েছে। টঙ্গী জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সাইফুল ইসলাম জানান, সকালে টঙ্গী জংশনের ৪ নম্বর লাইনে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় ওই কিশোর। তার পরনে নীল রঙের ফুল প্যান্ট ও সাদা চেক ফুল শার্ট রয়েছে। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে কোনাবাড়ি হাইওয়ে থানার পরিদর্শক হোসেন সরকার জানান, গত শনিবার রাত একটার দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় গাড়িচাপায় অজ্ঞাত এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন। তাঁর পরনে কালো রঙের শার্ট ও প্যান্ট রয়েছে। লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফরিদপুরে বাসের ধাক্কায় মো. মিরোজ শেখ (৪৫) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। গতকাল দুপুরে মধুখালী উপজেলার ব্রাহ্মণকান্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিরোজ শেখ উপজেলার রায়পুর ইউনিয়নের দামদরদী গ্রামের মো. হাকিম শেখের ছেলে। এ ঘটনায় ইজিবাইকের তিন যাত্রীর মধ্যে মো. জাফর সরদার (৬০) নামের একজন আহত হয়েছেন।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ঢাকা থেকে খুলনাগামী রয়েল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ওই বাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক নিহত হন। পুলিশ বাসটি জব্দ করেছে।
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমনের ধাক্কায় তুজানুর রহমান (৩২) নামের এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার আমলা-পোড়াদহ সড়কের গোবিন্দপুর গ্রামের মহন মণ্ডলের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। তুজানুর রহমান উপজেলার পোড়াদহ ইউনিয়নের কামারডাঙ্গা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
সিরাজগঞ্জের বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া বাসস্ট্যান্ডের কাছে চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে দাদি এছাতন বেওয়া (৭০) নামের এক বৃদ্ধা ঘটনাস্থলেই মারা গেছেন। এ ঘটনায় তাঁর নাতি রূপক মিয়া (৩) আহত হয়েছে। উল্লাপাড়া থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহিমপুরে গতকাল সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় নজির আহমেদ বিশ্বাস (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নেত্রকোনার বারহাট্টা উপজেলার ছয়গাঁও এলাকায় ইঞ্জিনচালিত অটোরিকশার নিচে পড়ে মরিয়ম আক্তার (৩) নামে একটি শিশু মারা গেছে। সে ছয়গাঁও গ্রামের সাইদুর রহমানের মেয়ে। এ সময় অটোরিকশার যাত্রী ফরিদা আক্তার (৩৬) ও তাঁর মেয়ে ১৮ মাসের শিশু বিশমি জাহান আহত হয়। গতকাল বিকেলে বারহাট্টা-মনাষ সড়কে এ ঘটনা ঘটে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির মা ঢাকায় আছেন। বাড়ি এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অটো রিকশাটি জব্দ করা হয়েছে।
চট্টগ্রামে এক স্কুলশিক্ষার্থীকে ধাক্কা দিয়ে আহত করায় একটি মিনিবাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ লোকজন। গতকাল দুপুরে নগরের চকবাজার থানার চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।