ছয় জেলায় সহিংসতায় প্রার্থীসহ আহত ৬২
সিরাজগঞ্জের তাড়াশ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, নাটোরের বাগাতিপাড়া, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও নড়াইলের লোহাগড়ায় নির্বাচনী সহিংসতায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীসহ কমপক্ষে ৬২ জন আহত হয়েছেন। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার এসব ঘটনা ঘটেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:তাড়াশ (সিরাজগঞ্জ): উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌবাকিয়া গ্রামে বুধবার রাতে প্রচারণা চালানোর সময় প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুজ্জামান আলম ও ওয়াজেদ আলী আজাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চৌবাকিয়া গ্রামের আবু সাইদ (৩০), রবিউল ইসলাম (৪০), রুবেল আহমেদ (১৫), তোফাজ্জল হোসেন (৪০), হানিফ (৩৫) ও আলাউদ্দিনকে (২৫) গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।সুন্দরগঞ্জ (গাইবান্ধা): বুধবার রাত ১০টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাঁশহাটি রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে প্রিসাইডিং অফিসার কর্মকর্তাদের নিয়ে উপজেলা সদরে ফিরছিলেন। এ সময় বাঁশহাটি এলাকার পরাজিত সদস্য পদপ্রার্থীর ও তাঁদের সমর্থক কর্মকর্তাদের ঘেরাও করে। তারা কর্মকর্তাদের বহনকারী গাড়িতে হামলা চালিয়ে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করে। পরে পুলিশ শটগানের তিনটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে তাঁরা উপজেলা সদরে ফিরে আসেন। সুন্দরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।বাগাতিপাড়া (নাটোর): উপজেলার পাঁকা গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ১২ জন আহত হয়েছেন। দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বাগাতিপাড়া থানা সূত্রে জানা যায়, বুধবারের নির্বাচনে পাঁকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সদস্য নির্বাচিত হন আমিনুল ইসলাম ওরফে মুকুট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমানের কিছু সমর্থক বৃহস্পতিবার বেলা ১১টায় পাঁকা গ্রামে গিয়ে কয়েকজন ভোটারকে টাকার বিনিময়ে ভোট দেওয়ার অভিযোগে গালমন্দ করতে থাকে। এতে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাগিবতণ্ডা ও হামলার ঘটনা ঘটে। এতে ফজলুর রহমান (৩০), মুজাম হোসেন (৩৮), ময়নাল হোসেন (৪২), কালু (২৮), লাবুসহ (২৪) ১২ জন আহত হন। আহত ব্যক্তিদের প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে ফজলুর রহমানকে বৃহস্পতিবার বাগাতিপাড়া থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বিজয়ী সদস্য আমিনুল ইসলাম ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোস্তাফিজুর রহমান সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করেছেন।রানীশংকৈল (ঠাকুরগাঁও): উপজেলার রাতোর ইউপি নির্বাচনে হেরে গিয়ে সদস্য পদপ্রার্থী নাসিরুল ইসলাম ও তাঁর সমর্থকেরা ভেদাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বুধবার রাত ১০টার দিকে ভোটকেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় প্রিসাইডিং অফিসার, পুলিশ ও আনসার ভিডিপি সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ইউপি সদস্য পদপ্রার্থী নাসিরুল, তাঁর সমর্থক কামরুজ্জামান ওরফে কামাল ও খয়রুল ইসলামকে গ্রেপ্তার করেছে। রাতেই ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভেদাইল গ্রামের কামরুজ্জামান ওরফে কামালকে তিন বছর ও নাসিরুল ইসলামকে এক বছর কারাদণ্ড দেন। অন্যদিকে ব্যালট বাক্স ছিনতাই, প্রিসাইডিং অফিসারকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একই গ্রামের খয়রুল ইসলামের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): গত বুধবার রাতে উপজেলার সোনাহাট ইউনিয়নের ভরতেরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোট গণনা শেষে ফিরে আসার সময় চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল আজিজের সমর্থকেরা প্রিসাইডিং ও পুলিং অফিসারকে আটক করে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় পুলিশ ও জনতার সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ সাতজন গুরুতর আহত হন। তাঁদের ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করা হয়। এঁদের মধ্যে পুলিশ সদস্য আবদুস সালামসহ জমসের (৪০) ও ছমিরের (৩৮) অবস্থার অবনতি হলে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল হকের নেতৃত্বে পুলিশ ও বিজিবি সদস্যরা গিয়ে তাঁদের উদ্ধার করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।অপরদিকে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া রেজি. প্রাথমিক বিদ্যালয়ে দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে চার ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিরা ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি রয়েছেন। চর ভূরুঙ্গামারীর ইসলামপুর গ্রামে পরাজিত প্রার্থী ফজলুল হকের সমর্থকদের হাতে দুই ব্যক্তি আহত হয়েছেন। এঁদের মধ্যে আলী হোসেনকে (৬০) হাসপাতালে ভর্তি রয়েছে।লোহাগড়া (নড়াইল): উপজেলার জয়পুর ইউনিয়নে প্রচারণার সময় দুই গ্রুপের সংঘর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আকতার হোসেন (৪৪) আহত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এ সংঘর্ষে প্রতিপক্ষ চেয়ারম্যান পদপ্রার্থী এম এম শরিফুল আলমের সমর্থক চাঁচই গ্রামের আতাউর রহমানও (৩০) আহত হয়েছেন। উভয়কে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে চাঁচই পশ্চিমপাড়ার তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।