বগুড়ার শেরপুরে বাসচাপায় আলী হাসান (৬৫) নামের অবসরপ্রাপ্ত এক সেনাসদস্য নিহত হয়েছেন। সেই সঙ্গে আরও চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক গৃহবধূসহ আরও ছয়জন। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
এ নিয়ে গত ১৬৫ দিনে সড়কে প্রাণ গেল ১ হাজার ৬৩৬ জনের। পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে প্রথম আলোর সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়ার শেরপুরে নিহত অবসরপ্রাপ্ত সেনাসদস্য আলী হাসানের বাড়ি উপজেলার হাটগাড়ী তালপট্টি গ্রামে। তিনি চার বছর ধরে ধুনট রোড এলাকার একটি বিপণিবিতানে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। ধুনট রোড এলাকায় গতকাল ভোরে মহাসড়ক পার হওয়ার সময় বগুড়াগামী বাসটি তাঁকে চাপা দেয়।
ফরিদপুরের ভাঙ্গায় দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন পুলিশ কনস্টেবল মোস্তফা (২৫) ও জীবন (২২), পুলিশের নায়েক সবুজ (২২) এবং আসামি জুয়েল (২৫) ও তাঁর মা আয়শা বেগম। তাঁদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গতকাল বেলা সোয়া দুইটার দিকে উপজেলার নওপাড়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া হাটবাইপাসে গতকাল দুপুরে ট্রাকচাপায় জাকিয়া মাহমুদ (৩৫) নামের মোটরসাইকেল আরোহী এক গৃহবধূ নিহত হন। এ ঘটনায় আহত তাঁর স্বামী সুলতান মাহমুদ (৪৫) ও মেয়ে ইসমত মাহমুদকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জামালপুরের মেলান্দহের তালতলা এলাকায় বৃহস্পতিবার রাতে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ইসলামপুর উপজেলার কান্দা গ্রামের ছাতু মিয়ার স্ত্রী রুমা আক্তার (৪০) ও একই উপজেলার মুখশিমলা গ্রামের সিদ্দিক মিয়ার স্ত্রী স্বপ্না বেগম (৩৫) নিহত হন।
চুয়াডাঙ্গায় সদর উপজেলার নবীননগর এলাকায় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে বৃহস্পতিবার রাতে বাসচাপায় ইঞ্জিনচালিত রিকশা ভ্যানের চালক সদর উপজেলার বোয়ালিয়া পূর্বপাড়ার আয়নাল হক নিহত হন। একই সড়কের যুগিরহুদায় ভটভটি চালিয়ে বাড়ি ফেরার সময় বাসচাপায় নিহত হন সদর উপজেলার ডিহি কেষ্টপুর গ্রামের ছমির উদ্দিন (৪০)।
রাজশাহীর পুঠিয়ায় জায়গিরপাড়া এলাকায় গতকাল দুপুরে ট্রাকচাপায় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) আশার তানোর শাখার ব্যবস্থাপক নাজিম উদ্দিন (৪৫) নিহত হয়েছেন। তিনি নওগাঁর বদলগাছি উপজেলার দানেশ উদ্দিনের ছেলে।