ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০
বগুড়া সদর, কক্সবাজারের চকরিয়া, পঞ্চগড়ের বোদা, বাগেরহাট, রাজবাড়ীর গোয়ালন্দ ও কুমিল্লার দেবীদ্বারে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় প্রভাষকসহ ১০ জন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বগুড়া: বগুড়া-রংপুর মহাসড়কের সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় গতকাল বুধবার একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী ও টিএমএসএস মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (টিম্যাটস) প্রভাষক মোজাফ্ফর রহমান (৬২) নিহত হয়েছেন। এ ঘটনায় টিম্যাটসের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ ও দু-তিনটি গাড়ি ভাঙচুর করেন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।চকরিয়া (কক্সবাজার): চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া বাসস্ট্যান্ড এলাকায় গত মঙ্গলবার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকানে ঢুকে পড়ে। এতে দুটি দোকানে অবস্থানরত দুই সহোদরসহ তিনজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়। নিহত ব্যক্তিরা হলো বানিয়ারছড়া গ্রামের আক্তার আহমদের দুই ছেলে ওমর আজিজ (১২) ও মো. সালাহ উদ্দিন (২০) এবং একই গ্রামের ফজল করিমের ছেলে সেলিম উল্লাহ (৬০)।পঞ্চগড়: পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা উপজেলার মন্নাপাড়া এলাকায় মঙ্গলবার একটি যাত্রীবাহী বাস একটি রিকশাভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানের আরোহী মোখলেছার রহমান (৩৫), রশিদুল ইসলাম (৩৫) ও খলিলুর রহমান (৩৭) নিহত হন। তাঁদের বাড়ি বোদা উপজেলার সইমনপাড়া গ্রামে।বাগেরহাট: বাগেরহাট-খুলনা সড়কের পাইকপাড়া এলাকায় মঙ্গলবার একটি যাত্রীবাহী বাস একটি বাইসাইকেলকে চাপা দেয়। এতে বাইসাইকেলের আরোহী আরিফুল ইসলাম (১২) নিহত ও সাব্বির সরদার (৮) আহত হয়। আরিফুল ইসলাম সদর উপজেলার করোরী গ্রামের মৃত মুজিবর রহমানের ছেলে।গোয়ালন্দ (রাজবাড়ী): দৌলতদিয়া-খুলনা মহাসড়কের সদর উপজেলার আল্লাদীপুর খ্রিষ্টান মিশনের সামনে মঙ্গলবার বাসের চাপায় স্থানীয় আল হাসান কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মোশাররফ হোসেন (৪৫) নিহত হয়েছেন। নিহত মোশাররফের বাড়ি আল্লাদীপুর এলাকায়।দেবীদ্বার (কুমিল্লা): কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবীদ্বার উপজেলার কালিকাপুর বাসস্ট্যান্ডের কাছে মঙ্গলবার সকালে একটি ট্রাকের চাপায় নূরজাহান (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার ফতেহবাদ গ্রামের সরু মিয়ার স্ত্রী।