ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭
কুমিল্লার সদর দক্ষিণ, নোয়াখালীর সেনবাগ, কিশোরগঞ্জের কটিয়াদী, ময়মনসিংহের নান্দাইল, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী এবং ঝিনাইদহে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকার ঈশা গার্ডেন সিএনজি ফিলিং স্টেশনের সামনে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে আটটায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন কাভার্ড ভ্যানের চালক জামাল হোসেন (৩৫) ও ট্রাক চালকের সহকারী সাইফুল ইসলাম (৩২)। জামালের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায়। আর সাইফুলের বাড়ি নরসিংদীর পলাশে। নোয়াখালী: ফেনী-নোয়াখালী মহাসড়কে নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট তিনপুকুরিয়ায় গতকাল শনিবার বিকেল তিনটার দিকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলে একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হন। নিহত হেলাল মিয়ার (৩৫) বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে। কটিয়াদী (কিশোরগঞ্জ): ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মধ্যপাড়ায় গতকাল বেলা ১১টার দিকে একটি তেলবাহী লরির চাপায় পথচারী রিনা বেগম (৫০) ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ লোকজন দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইলের চামটা বাজার এলাকায় গতকাল শনিবার দুপুরে একটি বাস এক সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত ব্যক্তির নাম সোহেল মিয়া (২৮)। তাঁর বাড়ি গাজীপুর জেলার বরমী এলাকায়। ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াডাঙ্গী-নেকমরদ সড়কের বালিয়াডাঙ্গী বাজারের সামনে গত শুক্রবার সকাল আটটার দিকে একটি বাসের চাপায় রিকশা ভ্যানচালক রফিকুল ইসলাম (৩২) নিহত হন। ঝিনাইদহ: যশোর-ঝিনাইদহ সড়কের ঝিনাইদহ সদর উপজেলার কয়ারগাছিতে গত শুক্রবার সকাল ১০টার দিকে একটি বাস একটি যাত্রীবাহী নসিমনকে ধাক্কা দেয়। এতে বিদ্যুৎ দাস (৩৮) নামের এক ব্যক্তি নিহত হন। আমাদের ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার হরিমঙ্গল এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত দুই যুবকের লাশ গতকাল শনিবার দুপুরে উদ্ধার করেছে লাকসাম রেলওয়ে থানা পুলিশ। পুলিশ জানায়, গত শুক্রবার রাতের কোনো এক সময় তাঁরা ট্রেনে কাটা পড়ে নিহত হন।