ছয় জেলায় ১৪ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও সরাইল, বরিশালের বাবুগঞ্জ, নীলফামারী, মাদারীপুরের শিবচর, নোয়াখালী, ফরিদপুরের সালথায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:কসবা (ব্রাহ্মণবাড়িয়া): কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে একটি বাস ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কৈখলা গ্রামের মো. মোস্তফা কামাল (৪৫) ঘটনাস্থলে নিহত হন। মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত শাহ আলম ভূঁইয়াকে (৫০) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।বরিশাল: বরিশাল-নেছারাবাদ সড়কে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকার বাবলা নামক স্থানে গতকাল বেলা সাড়ে ১১টায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ভ্যানচালক আবদুর রাজ্জাক ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া বাসের যাত্রী মো. হুমাউন, মো. বাহাদুর ও মো. আলাউদ্দিন নিহত হন। দুর্ঘটনার পর এলাকাবাসী সড়ক অবরোধ করে দুটি বাস ভাঙচুর করে। নীলফামারী: নীলফামারী-রামগঞ্জ হাট সড়কের বাদিয়াপাড়ায় গত শুক্রবার ১১টার দিকে একটি মাইক্রোবাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী ফেরদৌস আলম চৌধুরী (৪৫) নিহত হন। শিবচর (মাদারীপুর): ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরে মাদবরচর ব্র্যাক কার্যালয়ের সামনে শুক্রবার দুপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে একটি মোটরসাইকেলের আরোহী কাঁঠালবাড়ী মাদ্রাসার করনিক রুহুল আমিন মাদবর (৪২) আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে তিনি মারা যান। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাছিরনগর সড়কের সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ নামক স্থানে গত শুক্রবার দুপুরে অটোরিকশার ধাক্কায় আবদুল হাফিজ (৬০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার সাহেবেরহাটের কাছে গত শুক্রবার বেলা আড়াইটার দিকে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি তালগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের আরোহী আলাউদ্দিন (৩০) ও মো. বাবুল (৩৫) নিহত হন।ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলার কেয়াঘাট এলাকায় গত শুক্রবার বেলা দেড়টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি রোলার সেতুর ঢালে পড়ে যাওয়ার সময় চালক মো. মনিরুজ্জামান (৪০) রোলার থেকে লাফ দেন। এ সময় রোলারের চাপায় তিনি নিহত হন। মনিরুজ্জামান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রোলারচালক ছিলেন।