ছয় জেলায় ২০-দলীয় জোটের ৮৩ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে দেশের বিভিন্ন স্থানে আটক ও গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। গত শনিবার রাত থেকে গতকাল রোববার পর্যন্ত ছয়টি জেলা থেকে ৮৩ জনকে আটক করেছে পুলিশ ও যৌথ বাহিনী। তাঁরা বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের নেতা-কর্মী-সমর্থক।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরায় নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের ছয় কর্মীসহ ৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিএনপির দুজন ও জামায়াত-শিবিরের চারজন কর্মী রয়েছেন। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ এমদাদ হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রয়েছে।
খুলনা মহানগর জামায়াতের রুকন মাওলানা মনিরুজ্জামানকে (৪৫) গতকাল দুপুরে নগরের বসুপাড়া কবরস্থান এলাকা থেকে আটক করেছে পুলিশ। এ সময় সোনাডাঙ্গা থানার সেক্রেটারি মাওলানা শাহারুল ইসলামকেও (৪২) আটক করা হয়।
চট্টগ্রামের সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মো. আলাউদ্দিনকে (৩৫) গতকাল সকালে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে শনিবার রাতে নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে শনিবার রাতে বিএনপির সাত সমর্থককে আটক করেছে পুলিশ। পুলিশ সুপার বিধান ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন।
বরিশাল জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ হাসান মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা যুবদলের সহসভাপতি রাকিব উদ্দিনকে (৩৫) পুলিশ গ্রেপ্তার করেছে।