ছয় জেলায় ৬৬ জেলেকে জেল-জরিমানা
ইলিশের প্রজনন মৌসুেম নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ছয় জেলায় ৬৬ জন জেলেকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া কয়েক হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে।
শরীয়তপুর: ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গত সোমবার রাতে অভিযান চালিয়ে ৩২ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় ২০ হাজার মিটার জাল। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক বছর করে কারাদণ্ডের আদেশ দেন। এ ছাড়া তাঁদের মধ্যে তিনজনের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীতে সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আট জেলেকে আটক করা হয়। পরে তাঁদের এক হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় চার জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে ৬ হাজার ২০০ মিটার জাল, ১ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল, ৩ হাজার ২০০ মিটার চরগড়া জাল ও ২৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
ফরিদপুর: গত সোমবার সন্ধ্যায় চর সালেপুর এলাকার পদ্মা নদীতে অভিযান চালিয়ে চার জেলেকে চার হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বরিশাল: কালাবদর ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করেছে জেলা মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড। গতকাল ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেন।
রাজবাড়ী: গোয়ালন্দ উপজেলায় গতকাল ভোরে পদ্মা নদী থেকে প্রায় ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় সাত জেলেকে আটক করা হয়। পরে তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।