ছয় ট্রেনযাত্রীকে অজ্ঞান করে টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে ছয় ট্রেনযাত্রীকে অচেতন করে টাকা লুট করে নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা। গতকাল মঙ্গলবার ভোরে রেলস্টেশনের কাছে অচেতন হয়ে পড়েছিলেন তাঁরা। পরে স্থানীয় লোকজন তাঁদের প্রাথমিক চিকিত্সা দিয়ে সুস্থ করে তোলে। অচেতন হয়ে পড়া ব্যক্তিরা হলেন কালু মিয়া (৫০), রহমত মিয়া (৫৫), তাহের মিয়া (৪৫), ইয়াকুব মিয়া (৪০), আজমল মিয়া (৬০) ও তৌফিক মিয়া (৫০)। তাঁরা ময়মনসিংহের গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা।কালু মিয়া জানান, মূলত তাঁরা ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও গাজীপুর এলাকায় কাজ করেন। এক মাস ধরে তাঁরা ঢাকায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন। বাড়ি যাওয়ার জন্য সোমবার রাতে তাঁরা ট্রেনে করে ভৈরব স্টেশনে আসেন। ট্রেনের অপেক্ষায় স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থান করার সময় গতকাল ভোরে তাঁরা এক হকারের কাছ থেকে রুটি কিনে খান। এরপর কী হয়েছে, তা তাঁরা বলতে পারেন না। তাঁদের প্রত্যেকের পকেটে এক হাজার থেকে দেড় হাজার টাকা ছিল। অজ্ঞান পার্টির সদস্যরা তাঁদের সবার টাকা নিয়ে গেছে। কিছুটা সুস্থ হয়ে ওঠার পর স্থানীয় এক ব্যক্তি তাঁদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করেন। ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, গতকাল ছয়জন ট্রেনযাত্রীকে অচেতন করে টাকা নিয়ে যাওয়ার কথা তিনি জানেন না। তবে অজ্ঞান পার্টির চক্রের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।