কুমিল্লার সোনাইছড়ি সেচ প্রকল্পের কাজ নিয়ে চক্রান্তের অভিযোগ ওঠায় ছয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ৩০ জুন পর্যন্ত ওই ছয় প্রতিষ্ঠান বিশ্বব্যাংকের অর্থায়নে পাউবোর কোনো কাজে বাংলাদেশের কোথাও অংশ নিতে পারবে না।
প্রতিষ্ঠান ছয়টি হলো রাজধানী ঢাকার আর কে মিশন রোডের মেসার্স নিয়াজ ট্রেডার্স, কুমিল্লার ঝাউতলা এলাকার আনিসুর রহমান চৌধুরী-কার্তিক চক্রবর্তী (এআরসি-কেসি), ঢাকার স্বামীবাগের সোহেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কোম্পানি, রাজশাহীর সাহেব বাজারের মো. আবুল হোসেন, ঢাকার পুরানা পল্টনের এসএস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড ও হাতিরপুলের মো. মোখলেছুর রহমান প্রাইভেট লিমিটেড।
পাউবোর কুমিল্লা পরিচালন ও রক্ষণাবেক্ষণ (পওর) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিন প্রথম আলোকে জানান, গত ২৮ জানুয়ারি ওই ছয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়। ইতিমধ্যে সংশ্লিষ্ট ঠিকাদার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। এখন নতুন করে প্রকল্পটি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।