ছয় ডাকাতকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর এলাকায় ছয় ডাকাতকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয়। ডাকাতেরা মহাসড়কে গাছের গুঁড়ি ও লোহার রড ফেলে যানবাহন থামিয়ে ডাকাতি করত বলে পুলিশ জানিয়েছে। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘদিন ধরে লোহার রড ছুড়ে যানবাহনে ডাকাতি করে আসছে একদল ডাকাত। গতকাল ভোর ছয়টায় কুটুম্বপুর এলাকায় যানবাহনে ডাকাতির সময় স্থানীয় জনতা তাদের ধাওয়া করে। ওই সময় ছয় ডাকাতকে আটক করে পিটুনি দেয় এলাকাবাসী।আটককৃতরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার হারং গ্রামের কাউসার আহমেদ (১৯), জেলার আদর্শ সদর উপজেলার ডুমুরিয়া চানপুর গ্রামের মো. মহসিন (২৪), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সাকবুনিয়া গ্রামের রিয়াজ ইলিয়াস (২০), একই উপজেলার বড় রঘুনাথপুর গ্রামের মো. স্বপন (২১), সাকবুনিয়া গ্রামের আল-আমিন (২১) ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বুইঠার হাটখোলা গ্রামের আল-আমিন (২১)। এঁরা সবাই আন্তজেলা ডাকাত দলের সদস্য।