ছয় দফা ঘোষণা সিটি ও পৌর কর্মচারীদের
সরকারি কোষাগার থেকে বেতনভাতা দেওয়া, অবসরভাতা চালু, নিয়োগের ক্ষেত্রে ৪০ শতাংশ পোষ্য কোটা সংরক্ষণসহ ছয় দফা দাবি ঘোষণা করেছে বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশন। এসব দাবির দ্রুত বাস্তবায়ন চেয়েছে সংগঠনটি।গতকাল শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে ফেডারেশন কার্যালয়ে এক সভায় এসব দাবি জানানো হয়। সভায় নেতারা বলেন, ২০০৫ সাল থেকে সরকারের কাছে বিভিন্ন দাবি তুলে ধরলেও তা বাস্তবায়িত হয়নি। ফেডারেশনের নেতা এস এম মোশাররফ হোসেন, হুমায়ুন কবির, মিজানুর রহমান ভূঁইয়া, আহাম্মদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।সভায় ছয় দফা দাবি আদায়ে বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে আগামী ৮ জুন বেলা ১১টায় সব সিটি ও পৌরসভায় সমাবেশ ও মেয়রদের কাছে স্মারকলিপি প্রদান, ১৫ জুন কালো ব্যাজ ধারণ, ২২ জুন সিটি ও পৌরসভার ফটকে মানববন্ধন, ২৯ জুন সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কেন্দ্রীয়ভাবে এলজিআরডি মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান।এ ছাড়া ২ জুলাই চট্টগ্রামে, ৩ জুলাই সিলেটে, ৭ জুলাই খুলনায়, ১৪ জুলাই রাজশাহীতে, ১৬ জুলাই টাঙ্গাইলে এবং ২১ জুলাই ঢাকায় মহাসমাবেশ করা হবে। বিজ্ঞপ্তি।