ছয় দফা দাবি আদায়ে আশুগঞ্জে চালকল শ্রমিকদের কর্মবিরতি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় চালকলের শ্রমিকেরা মজুরি বৃদ্ধিসহ ছয় দফা দাবিতে গতকাল বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। উপজেলা বয়লার রাইস মিল শ্রমিক সংগ্রাম পরিষদ এই কর্মবিরতির ডাক দিয়েছে।কর্মবিরতির প্রথম দিনে গতকাল সকালে কোনো শ্রমিক কাজে যোগ দেননি। শ্রমিকেরা বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল বের করেন। বেলা ১১টার দিকে একটি মিছিল উপজেলা সড়ক দিয়ে যাওয়ার সময় মালিকপক্ষের লোকজনের বাধার মুখে পড়ে। এ সময় শ্রমিক ও মালিকপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।পরে এক সংক্ষিপ্ত সভায় শ্রমিকনেতারা বলেন, আশুগঞ্জে চালকলের সংখ্যা ৩৫০। প্রায় ২০ হাজার শ্রমিক এসব কলে কাজ করছেন। কিন্তু শ্রমিকেরা যে মজুরি পান, তা দিয়ে সংসার চলে না। একই সঙ্গে শ্রমিকদের বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করেছেন মালিকেরা। বিশেষ করে, দেশের প্রচলিত শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে না। স্বাস্থ্যসম্মত বাসস্থান ও নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ভাতা দেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। এ জন্য বাধ্য হয়ে কর্মবিরতিতে যেতে হয়েছে।