গতকাল সোমবার ‘ফুলবাড়ী দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী ও ঢাকায় আয়োজিত পৃথক সমাবেশ থেকে গত সাত বছরেও ছয় দফা ‘ফুলবাড়ী চুক্তি’ বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। বক্তারা অবিলম্বে এসব দফা বাস্তবায়নের আহ্বান জানান।২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ীতে এশিয়া এনার্জির আবাদি জমি-পানি সম্পদ-জনবসতি ধ্বংসের বিরুদ্ধে লক্ষাধিক মানুষ সমাবেশ করেছিল। এশিয়া এনার্জি শতকরা ৬ ভাগ রয়্যালটির বিনিময়ে শতকরা ৮০ ভাগ কয়লা বিদেশে রপ্তানির প্রকল্প গ্রহণ করেছিল। এর বিরুদ্ধে শান্তিপূর্ণ সমাবেশে বিডিআরের গুলিতে তিনজন মারা যান এবং আহত হন আরও দুই শতাধিক মানুষ। ওই বছরের ৩০ আগস্ট চারদলীয় জোট সরকার ফুলবাড়ী চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হন।ঢাকায় কর্মসূচি: গতকাল সকাল সাড়ে ১০টায় ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় কমিটি, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে সমাবেশে বক্তারা বর্তমান সরকার ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন না করে বিএনপি সরকারের পথেই হাঁটছে বলে উল্লেখ করেন।সমাবেশে বলা হয়, ২০০৬ থেকে ’১২ পর্যন্ত বিভিন্ন সরকার তিনটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। সব কটি কমিটিই এশিয়া এনার্জির (জিসিএম) এই ধ্বংসাত্মক প্রকল্পের বিরুদ্ধে মত দিলেও প্রকল্পটি এখনো আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়নি। সমাবেশে অংশ নেন কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, নুর মোহাম্মদ, ম. ইনামুল হক, বিমল বিশ্বাস, সাইফুল হক প্রমুখ। দিবস উপলক্ষে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত সমাবেশে ভারপ্রাপ্ত সভাপতি হায়দার আকবর খান রনো, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য এম এম আকাশ প্রমুখ বক্তৃতা করেন। জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশনও দিবসটি উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করে। ফুলবাড়ী প্রতিনিধি জানান, গতকাল তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ও খনি এলাকার অরাজনৈতিক পেশাজীবী সংগঠন পৃথকভাবে ‘ফুলবাড়ী দিবস’ পালন করে। স্থানীয় নিমতলা মোড়ে আয়োজিত সমাবেশে জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্যসচিব আনু মুহাম্মদ, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, সিপিবির নেতা রুহিন হোসেন, বাসদ নেতা মাহাবুব রশীদ, ওয়ার্কার্স পার্টির নেতা রাগীব আহসান প্রমুখ বক্তৃতা করেন।