ময়মনসিংহ নার্সিং কলেজের শিক্ষার্থীরা ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল রোববার ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত ময়মনসিংহ নার্সিং কলেজের প্রশাসনিক ভবনের সামনে চার শতাধিক শিক্ষার্থী অবস্থান কর্মসূচিতে অংশ নেন।শিক্ষার্থীরা জানান, চার বছরের ‘বিএসসি ইন নার্সিং’ কোর্স শেষে ন্যূনতম ছয় মাস মেয়াদি শিক্ষানবিশ কোর্স চালু করা, মাসিক বৃত্তি এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে তিন হাজার টাকায় উন্নীত করা এবং হাসপাতালে কাজ করার সময় এপ্রোন পরিধান করাসহ তিন দফা দাবিতে ১১ মে থেকে ১৪ মে পর্যন্ত তাঁরা বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করেন। পরে সেবা অধিদপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) এক মাসের মধ্যে দাবিগুলো পূরণ করার আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করা হয়। কিন্তু নির্ধারিত এক মাস সময় শেষ হয়ে গেলেও দাবিগুলো পূরণের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ কারণে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা আবারও একযোগে আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছেন।শিক্ষার্থীরা আরও জানান, ২০ জুন ঢাকা নার্সিং কলেজে ‘বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন’-এর এক জরুরি সভায় আগের তিন দফা দাবির সঙ্গে নতুন আরও তিন দফা দাবি যুক্ত করা হয়েছে। নতুন দাবিগুলো হচ্ছে, চার বছরের ‘বিএসসি ইন নার্সিং’ কোর্স শেষে স্নাতকোত্তর কোর্স চালু করা, বিশেষ বিসিএসের ব্যবস্থাসহ নিয়োগ বিধি প্রকাশ করা ও পৃথক সেবা অনুষদ গঠন করা।শিক্ষার্থীরা আরও জানান, ২৯ জুনের মধ্যে দাবি আদায় না হলে ওই দিন থেকেই আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে। ময়মনসিংহ নার্সিং কলেজের অধ্যক্ষ মনোয়ারা খাতুন বলেন, ‘শিক্ষার্থীদের কিছু কিছু দাবি যৌক্তিক। তবে মেনে নেওয়া না-নেওয়ার বিষয়টি সরকার দেখবে। আন্দোলনের কারণে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ থাকলে তাঁদের ক্ষতি হয়ে যাবে।’