ছয় দফা দাবিতে খাগড়াছড়িতে গ্রাম পুলিশের সমাবেশ
খাগড়াছড়িতে গতকাল মঙ্গলবার বকেয়া বেতন প্রদানসহ ছয় দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন গ্রাম পুলিশের সদস্যরা। টাউন হলে জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সমাবেশে এ দাবি জানানো হয়। অন্যথায় ২৯ জানুয়ারি থেকে কর্মবিরতিসহ আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।
জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি প্রবীণ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী শাহাজান কবির জহির। বিশেষ অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা ও সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সত্য নারায়ণ দাশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গ্রাম পুলিশের ৩৬০ জন সদস্য।
বক্তারা বলেন, অন্য বাহিনীর মতো গ্রাম পুলিশও একটি বাহিনী। তাদের তৃণমূল পর্যায়ে নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন কাজ করতে হয়। কিন্তু তারা অবহেলিত। পার্বত্য এলাকার গ্রাম পুলিশের সদস্যরা তিন হাজার টাকা ভাতা পান। এর মধ্যে সরকার থেকে ৫০ শতাংশ আর ইউনিয়ন পরিষদ থেকে ৫০ শতাংশ। কিন্তু ইউনিয়ন পরিষদের অংশের ৫০ মাসের বকেয়া রয়েছে।
গ্রাম পুলিশের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে চাকরি শেষে বেতনের সমপরিমাণ ৫০ মাসের আনুতোষিক, একটি তহবিল গঠন ও ন্যূনতম ১০ কোটি টাকা বরাদ্দ এবং ঢাকার আশপাশে একটি প্রশিক্ষণ একাডেমি ও সদর দপ্তর স্থাপন।
সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবরে ছয় দফা দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়।