ছয় দফা দাবিতে চা-শ্রমিকদের কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিলম্বে চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন এবং দৈনিক মাথাপিছু ২০০ টাকা মজুরিসহ ছয় দফা দাবিতে কাল রোববার থেকে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছেন চা-শ্রমিকেরা।
কর্মসূচির মধ্যে রয়েছে কাল রোববার চা-বাগানসংশ্লিষ্ট ২১টি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে এবং ১১ মে চা-বাগানসংশ্লিষ্ট জেলাগুলোর জেলা প্রশাসকের মাধ্যমে শ্রমমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ। ১২ মে থেকে প্রতিটি চা-বাগানে শান্তিপূর্ণ মিছিল, সমাবেশ ও গণসংযোগ। ২০ মের মধ্যে নির্বাচনের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে ২১ মে থেকে দেশের সব চা-বাগানে লাগাতার কর্মবিরতি পালন।
গত বৃহস্পতিবার মে দিবস উপলক্ষে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা-বাগানের গানঘর এলাকায় চা-শ্রমিক ইউনিয়ন আয়োজিত সমাবেশ থেকে এসব দাবি উত্থাপন ও কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশে কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক রামভজন কৈরী। চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটির সভাপতি মাখন লাল কর্মকারের সভাপতিত্বে চা-শ্রমিক সমাবেশে বক্তব্য দেন ইউনিয়নের কার্যকরী সভাপতি সিউধনী কুর্মী, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাগর হাজরা, চা-বাগানের বালিশিরা ভ্যালির (কয়েকটি চা-বাগান নিয়ে একটি ভ্যালি) সভাপতি বিজয় হাজরা প্রমুখ।
চা-শ্রমিকদের অন্য দাবিগুলো হচ্ছে শ্রম আইনে ভিটা উচ্ছেদ এবং নৈমিত্তিক ও বার্ষিক ছুটির বৈষম্যমূলক ধারা সংশোধন করা, চা-শ্রমিকদের ভোগদখলীয় ভূমি কেড়ে নেওয়া বন্ধ করা ও কেড়ে নেওয়া ভূমি ফেরত দেওয়া, চা-শ্রমিক কল্যাণ তহবিল এবং চা-বাগান শিক্ষা ট্রাস্টের শিক্ষাবৃত্তি অবিলম্বে চালু করা।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক রামভজন কৈরী গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘সাড়ে চার বছর ধরে সমস্যাটা ঝুলে আছে। বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে দাবি আদায়ের চেষ্টা করা হয়েছে। কিন্তু দাবি পূরণ হয়নি। আশা করছি, আমাদের ন্যায়সংগত দাবিগুলো মেনে নিতে সরকার এগিয়ে আসবে।’