ছয় দফা দাবিতে চিকিৎসকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে পেশাভিত্তিক মন্ত্রণালয়, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালসহ ছয় দফা দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকেরা। প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি বরিশাল বিভাগের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
গতকাল শনিবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা ওই কর্মবিরতি পালন করেন। এ সময় তাঁরা হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান কর্মসূচিও পালন করেন।
কর্মসূচিতে চিকিৎসকেরা বলেন, প্রশাসনিক ক্যাডারে কয়েক বছর চাকরি করলেই একজন ইউএনও হয়ে যান। অথচ একজন চিকিৎসককে পেশায় দীর্ঘদিন কাজ করে পদোন্নতি পেয়েও বেতন-ভাতা উত্তোলনের সময় ইউএনওর স্বাক্ষর নিতে হয়। এটা একধরনের মর্যাদাহানিকর ব্যাপার। চিকিৎসকেরা এ-সংক্রান্ত পরিপত্র বাতিলের দাবি জানান। একই সঙ্গে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করার মাধ্যমেও চিকিৎসকদের মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে বলে মনে করেন তাঁরা।
ছয় দফা দাবিতে উল্লেখ করা হয়, কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় করতে হবে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে। ইউএনও কর্তৃক চিকিৎসকদের বেতন-ভাতায় স্বাক্ষর প্রদানসংক্রান্ত পরিপত্র বাতিল করতে হবে। সব ধরনের প্রেষণ বাতিল করতে হবে। আন্তক্যাডার বৈষম্য দূর করতে হবে। নন-ক্যাডার ও ক্যাডারদের মধ্যে সৃষ্ট বৈষম্য কমাতে হবে।