ছয় দফা দাবিতে শিক্ষকদের দুই ঘণ্টা কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারসহ ছয় দফা দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন শিক্ষকেরা। শিক্ষক সমাজের ব্যানারে গতকাল রোববার আন্দোলনরত শিক্ষকেরা এ কর্মসূচি পালন করেন। অন্যদিকে সন্ধ্যায় ‘সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’—এ ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা তিন দফা দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেন।এদিকে জুবায়ের হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় উত্থাপন করা হবে বলে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন। তবে এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ফরহাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথম আলোকে তিনি বলেন, ‘এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারব না। আমরা কাজ চালাচ্ছি।’আন্দোলনরত শিক্ষকেরা জানান, জুবায়ের হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার ও নিহতের পরিবারকে সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণ প্রদান, ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি পুনর্গঠন, প্রক্টরিয়াল বডির পদত্যাগ, ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের রাজনৈতিক মতামতের সুযোগ নিশ্চিত করা, গণনিয়োগ পাওয়া শিক্ষকদের মধ্যে যাঁরা অযোগ্য তাঁদের নিয়োগ বাতিল করা ও শিক্ষক সমিতির সভাপতিকে লাঞ্ছিত করার অভিযোগে সাবেক প্রক্টরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সকাল সাড়ে আটটা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। আজও একই দাবিতে কর্মসূচি পালন করবেন বলে আন্দোলনরত শিক্ষকেরা জানিয়েছেন।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক গতকাল প্রথম আলোকে বলেন, ‘সোমবার বিকেল পাঁচটায় সিন্ডিকেট সভা হবে। সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সঙ্গে জুবায়ের হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে আলোচনা হবে। এর আগে তিনটার দিকে ডিসিপ্লিনারি বোর্ডের সভা বসবে।’উল্লেখ্য, ৯ জানুয়ারি জুবায়ের হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রলীগের তিন কর্মীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে চারজনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানার পুলিশ। তাঁদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।