ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ নার্সিং কলেজের শিক্ষার্থীরা গতকাল শনিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। ক্লিনিক্যাল প্র্যাকটিসে গ্রুপভিত্তিক রোস্টার প্রদান, নির্ধারিত পোশাক পরিবর্তন, ছাত্র সংসদ চালু, ছেলেদের হোস্টেল নির্মাণসহ ছয় দফা দাবিতে এসব কর্মসূচি পালন করা হয়।কলেজ সূত্র ও শিক্ষার্থীরা জানায়, গতকাল সকাল সাড়ে আটটা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শিক্ষার্থীরা ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পুনরায় মানববন্ধন করে। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। তারা বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নার্সিং কলেজের অধ্যক্ষসহ সব শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শিক্ষকেরা তাত্ক্ষণিক বৈঠক করে দাবিগুলোর কয়েকটি মেনে নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। তবে সব দাবি মেনে না নিলে শিক্ষার্থীরা আজ রোববার থেকে কলেজ চত্বরে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী জানায়, দাবি না মানা হলে কাল (আজ) থেকে তারা কলেজ চত্বরে আমরণ অনশন শুরু করবে। ময়মনসিংহ নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইরা দিব্রা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেছে। আর আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার এসব বিষয়ে লিখছি। কিন্ত এর বেশি আমার কী করার আছে।’