চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার দ্বিতীয় দিনের মতো ‘বর্ধিত বেতন-ফির বিরোধী সাধারণ শিক্ষার্থীরা’ ব্যানারে মিছিল-সমাবেশ হয়েছে। অবশ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেতন-ফি বাড়ানোর সিদ্ধান্ত ইতিমধ্যে স্থগিত করেছে।আন্দোলনকারী শিক্ষার্থীরা সকালে মিছিল নিয়ে বিভিন্ন অনুষদ প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাবেশ করেন। এতে ছাত্রফ্রন্ট নেতা সুজন কান্তি দের বহিষ্কারাদেশ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে করা পাঁচটি মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। সমাবেশ শেষে অচলায়তন নাটকের খণ্ডাংশ মঞ্চস্থ করা হয়। পরে তাঁরা মিছিল নিয়ে রেলস্টেশনে যান।বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে সুজনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়। আর বেতন-ফির বিরোধী আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ শিক্ষার্থীদের বিরুদ্ধে পাঁচটি মামলা করে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বেতন-ফি বাড়ানোর বিষয়টি পুনর্বিবেচনার জন্য গঠিত পর্যালোচনা (রিভিউ) কমিটি আজ মঙ্গলবার প্রথম বৈঠক করবে ।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা ছাত্রছাত্রীদের মূল দাবি নিয়ে কাজ করছি। পর্যালোচনা কমিটির প্রতিবেদন পাওয়ার পর ছাত্রছাত্রীদের সঙ্গে বৈঠকে বসব। তত দিন পর্যন্ত তাদের মিছিল-সমাবেশ করা উচিত নয়। বেতন-ফির বিরোধী মিছিলে তারা যে বিক্ষোভ করছে, তাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হতে পারে। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাত প্লাটুন পুলিশ মোতায়েন রাখা হয়েছে। বর্ধিত বেতন-ফির বিরোধী আন্দোলনের সমন্বয়ক তবারক হোসেন বলেন, কর্তৃপক্ষ শুধু বেতন-ফি বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করেছে। সুজনের বহিষ্কারাদেশ ও পাঁচটি মামলা প্রত্যাহারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। ছয় দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ছয় দফা দাবি হচ্ছে: বর্ধিত বেতন-ফি প্রত্যাহার, সব মামলা, নোটিশ ও সুজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, বিভাগের নিয়ম ও অধ্যাদেশ-বহির্ভূত টাকা নেওয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে ফি তিন হাজার ৫০০ টাকার মধ্যে নির্ধারণ ও রসিদের মাধ্যমে আর্থিক লেনদেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তদন্ত ও বিচার এবং ছাত্র নিপীড়নকারী উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ।