ছয় দফা দাবিতে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মিসবাহ উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা। বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপাচার্যের কার্যালয়ের সামনে কালো কাপড়ে মুখ ঢেকে তাঁরা এ কর্মসূচি পালন করেন।‘নীতিমালা লঙ্ঘন করে শিক্ষক নিয়োগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার জের ধরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মিসবাহ উদ্দিনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে। মিসবাহ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। গত সোমবার প্রথম আলোর পঞ্চম পৃষ্ঠার সিলেট সংস্করণে প্রতিবেদনটি ছাপা হয়। ওই দিন রাতেই বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের নির্বাহী আদেশে তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়।সংবাদ প্রকাশের জের ধরে বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধিকে বহিষ্কার করা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ক্ষমতার অপব্যবহারের নজিরবিহীন ঘটনা অভিহিত করে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনে দিনব্যাপী প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেন। ‘মুক্ত স্বাধীন সাংবাদিকতায় ক্ষমতার কালো থাবা—রুখে দাঁড়াও’ লেখা-সংবলিত ব্যানার নিয়ে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া সাংবাদিক ও শিক্ষার্থীরা মিসবাহের বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।গতকাল দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া সাংবাদিকেরা জানান, মঙ্গলবার প্রথম দিনের অবস্থান কর্মসূচি চলাকালে উপাচার্যের কার্যালয়ের একটি প্রতিনিধিদল ছয় দফা দাবির বিষয়ে কথা বলার সুপারিশ করলে আগে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আলোচনার পরিবেশ সৃষ্টির আহ্বান জানানো হয়। ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুব্রত দাস বলেন, ‘ছয় দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে আলোচনায় বসার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আগে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে এ পরিবেশ সৃষ্টির আহ্বান জানানো হয়েছিল। তখন উপাচার্য আজ বুধবার (গতকাল) দুপুর দুইটা পর্যন্ত সময় চেয়েছিলেন। আমরা আরও দুই ঘণ্টা অপেক্ষা করেও কোনো সাড়া না পেয়ে ফের অবস্থান কর্মসূচি পালন শুরু করেছি।’ স্টিয়ারিং কমিটি গঠন: বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ ছয় দফা দাবি আদায়ে অব্যাহতভাবে আন্দোলন পরিচালনার জন্য গতকাল অবস্থান কর্মসূচি শেষে সন্ধ্যায় সাংবাদিক ও শিক্ষার্থীদের এক সভায় আট সদস্যের একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিক সুব্রত দাসকে কমিটির আহ্বায়ক মনোনীত করা হয়েছে। নবগঠিত স্টিয়ারিং কমিটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আগে মিসবাহ উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আলোচনার পরিবেশ সৃষ্টির আহ্বান জানান। পরে বাকি পাঁচ দফা দাবি আদায় নিয়ে আলোচনা ফলপ্রসূ না হলে অব্যাহত অবস্থান কর্মসূচির মাধ্যমে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।