ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক ছয় দফা দিবসে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, আজ রোববার সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দলের জ্যেষ্ঠ নেতারা।
এর পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
১৯৬৬ সালের এই দিনে শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ-আন্দোলনের সূচনা হয়। এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গী, ঢাকা ও নারায়ণগঞ্জে গুলিতে মনু মিয়া, শফিক, শামসুল হকসহ ১০ জন শহীদ হন। এরপর বঙ্গবন্ধুর নেতৃত্বে আপসহীন সংগ্রামের ধারায় উনসত্তরের গণ-অভ্যুত্থানের দিকে এগিয়ে যায় বাঙালি জাতি।
দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করছে।