ছয় দফার ভেতর দিয়েই স্বাধীনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় দফার মধ্যেই এক দফা নিহিত ছিল। এর ভেতর দিয়েই স্বাধীনতা এসেছে। ছয় দফা ছাড়া স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ও বেড়ে ওঠা সম্ভব হতো না।
‘ছয় দফার ৫০ বছর’ উপলক্ষে গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে রোড টু ফ্রিডম আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
আলোচনা সভায় অন্যতম আলোচক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ছাত্রলীগের তৎকালীন নেতাদের না দেখে ক্ষোভ প্রকাশ করেন। তিনি আলোচনা সভাকে ‘একপেশে’ বলেও মন্তব্য করেন।
এ আলোচনা সভায় আলোচক হিসেবে ষাটের দশকের ছাত্রলীগের নেতা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন, সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনোর নাম থাকলেও তাঁরা উপস্থিত ছিলেন না।
মতিয়া চৌধুরী প্রায় চার দশক আগে আওয়ামী লীগে যোগ দিলেও ষাটের দশকে তিনি ছাত্র ইউনিয়ন করতেন। একইভাবে নূহ-উল-আলম লেনিন এখন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেও তিনি একসময় ছাত্র ইউনিয়ন করতেন। আলোচনা সভার সভাপতি অধ্যাপক মাহফুজা খানমও ষাটের দশকে ছাত্র ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ফলে মঞ্চে সে সময়ের ছাত্রলীগের কোনো নেতা ছিলেন না।
এ প্রসঙ্গে মতিয়া চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু যাঁদের দিয়ে ছয় দফার প্রচার করিয়েছিলেন, তৎকালীন ছাত্রলীগ নেতাদের এখানে উপস্থিত করা বা আনাটা অবশ্যই কর্তব্য ছিল। এ ধরনের একপেশে আলোচনা সভা জানলে আমি আসতাম না। এখানে একটা পক্ষের আলোচনা হয়েছে। কেবল আমরা আর মামুরা।’
আলোচনা সভায় মতিয়া চৌধুরী বলেন, ছয় দফার সময়েও এটা কেবল স্বায়ত্তশাসনের দাবি, অর্থনৈতিক মুক্তির দাবি না—এমন বিতর্ক ছিল। তিনি বলেন, ‘৭০-র নির্বাচন ছিল ছয় দফার প্রশ্নে ম্যান্ডেট। সেদিন অনেক বড় বাম নেতা স্লোগান দিয়ে বসলেন, ভোটের আগে ভাত চাই এবং এ নির্বাচন বর্জন। সেই নির্বাচন বর্জন করে বামপন্থীরা না কোনো আসন পেল, না ভোট ঠেকাতে পারল।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন বলেন, পাকিস্তান সৃষ্টির আগেই স্বাধীন বাংলাদেশের বিষয়টি বঙ্গবন্ধুর মাথায় ছিল। তাই ছয় দফা কোনো আকস্মিক ব্যাপার ছিল না। তিনি বলেন, বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনীতির লক্ষ্যই ছিল স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা। ছয় দফার ভেতর দিয়েই প্রকৃত অর্থে স্বাধীনতা এসেছে।
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ছয় দফা মুক্তিসনদ না হলেও এটা ছিল মুক্তিযুদ্ধের একটা মাইলফলক, যা অতিক্রম করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ সফল হয়েছিল।
আলোচনা সভার মূল বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ছয় দফাকে কেউ কেউ সিআইএর দলিল বলেছিল। এমনকি ভাসানীও ছয় দফার বিরোধিতা করেছিলেন। তিনি বলেন, ছয় দফা নিয়ে গভীর গবেষণা হওয়া দরকার। এর চূড়ান্ত প্রণয়নকারী কারা, তা জানতে হবে। আওয়ামী লীগের উৎস থেকে এ সম্পর্কে জানা যাবে না।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মাহফুজা খানম বলেন, ছয় দফাকে ধারণ করেই ৭ মার্চ, মুক্তিযুদ্ধ ও আজকের বাংলাদেশ।