বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা কর্মসূচির মধ্যে দেশের স্বাধীনতার বীজ লুক্কায়িত ছিল। ভারত-পাকিস্তানের মধ্যে তাসখন্দ চুক্তি স্বাক্ষরের কয়েক দিন পরই বঙ্গবন্ধু মুক্তির সনদ ছয় দফা ঘোষণা করেছিলেন। তবে পাকিস্তানের সামরিক জান্তা আইয়ুব খান ছয় দফার বিরুদ্ধে অস্ত্রের ভাষা ব্যবহার করেছিলেন।
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন। আলোচনা সভা ছাড়াও দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ নানা কর্মসূচি পালন করে। দিবসটি উপলক্ষে গতকাল প্রত্যুষে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো।
আলোচনা সভায় তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুর ছয় দফা পেশের প্রেক্ষাপট, তৎকালীন আন্দোলন-সংগ্রামের গতিধারা নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি বলেন, ১৯৬৬ সালের ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে একটি সর্বদলীয় সম্মেলনে বিষয় নির্ধারণী সভায় বঙ্গবন্ধু এই ছয় দফা পেশ করেছিলেন। কিন্তু সেদিন অন্যান্য রাজনৈতিক দল এই ছয় দফাকে বিষয় নির্ধারণীতে অন্তর্ভুক্ত করেনি। বঙ্গবন্ধু বাধ্য হয়ে সম্মেলন ত্যাগ করেন। তিনি ঢাকার পুরাতন বিমানবন্দরে অবতরণ করে সাংবাদিকদের সামনে প্রথম এই ছয় দফা উত্থাপন করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহস, ধৈর্য ও ব্যক্তিত্বের সঙ্গে অন্য কারও তুলনা হয় না। বঙ্গবন্ধুর ছয় দফা আন্দোলনের মূল কথা ছিল একটি সম-অধিকার ও গণতান্ত্রিক রাষ্ট্র। তিনি বলেন, বাংলাদেশ যদি স্বাধীন না হতো, তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব ছিল না।
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, ‘যে জঙ্গিবাদ বাংলাদেশকে চ্যালেঞ্জ করতে চায়, সেই চ্যালেঞ্জে তারা হারবে, আমরা জিতব শেখ হাসিনার নেতৃত্বে। জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের বিজয় হবেই হবে।’
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতউল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।