ছয় দিন ধরে পানি নেই, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাম্প নষ্ট হওয়ায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে৷ এ কারণে এখানে ভর্তি হওয়া রোগী এবং চিকিৎসক ও কমকর্তা-কর্মচারীরা ভোগান্তি পোহাচ্ছেন৷ এদিকে ওষুধ-সংকটের কারণে রোগীদের বাইরে থেকে বেশি দামে তা কিনতে হচ্ছে৷
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে ৫০ শয্যার এ হাসপাতালে পানি সরবরাহের বৈদ্যুতিক পাম্পটি বিকল হয়ে যায়৷ এখন রোগীর স্বজনেরা হাসপাতালের বাইরে থেকে পানি এনে চাহিদা মেটাচ্ছেন। হাসপাতালের কোয়ার্টারগুলোতেও পানি সরবরাহ না থাকায় চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা ভোগান্তির শিকার হচ্ছেন৷
রোগীরা জানান, অন্তর্বিভাগের রোগীদের প্যারাসিটামলসহ অন্যান্য ওষুধ দেওয়া হচ্ছে না৷
রোগী খন্দকার আবদুল কাদের বলেন, ‘পাঁচ দিন ধরে পানি না থাকায় বাইরে থেকে পুলাপান পানি আইনা দেয়।’
হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সোহেল মাহমুদ নবী ওষুধ-সংকটের বিষয়টি অস্বীকার করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল বাশার মো. আসাদুজ্জামান বলেন, শিগগিরই পাম্প মেরামত করে পানি সরবরাহ করা হবে৷